২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দোহার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী

বিএনপি নেতার মৃত্যুতে শূন্য ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারপদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রাথী মো. আলমগীর হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 11:28 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম ভোটের বেসরকারি ফল ঘোষণা করেন।

তার আগে ভোট চলাকালে বাকি দুই প্রার্থী বিএনপি সমর্থিত সিরাজুল ইসলাম ভুলু এবং নির্দলীয় ইঞ্জিনিয়ার মো. মেহবুব কবির জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে দেখা যায় আনারস প্রতীকে আলমগীর ৫২ হাজার ৭৩২ ভোট পেয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৫৩৮৮ ভোট। মোটর সাইকেল প্রতীকে মেহবুব ভোট পেয়েছেন ১০৬৭৬টি।

কারচুপির অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাঠ থেকে আমাদের প্রিসাইডিং কর্মকর্তারা এসব কিছুই বলছে না। তারা বলেছে, সকাল ৮টা থেকে নির্ধারিত সময় পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।

“কেউ যদি নির্বাচন বয়কট করে থাকে তাহলে আমাদের কিছু করার নেই।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন বয়কটের কোনো ভিত্তি নেই।”

ভোটগ্রহণে কারচুপি, বিভিন্ন অনিয়ম, ব্যাপক জালভোট, ভোটকেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেওয়া ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ দুই প্রার্থী সিরাজুল ও ভুলুর।

দুপুরে জয়পাড়া এলাকায় বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিরাজুল এবং উপজেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সামনে মেহবুব নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারদলীয় লোকজন ভোট গ্রহণে কারচুপি, জাল ভোট, ভোট কেন্দ্র দখল ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। আমরা ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আমাদের লিখিত অভিযোগ দিয়েছি।”

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে হেরে যাবে বুঝতে পেরে তারা দুজনই নির্বাচন বয়কট করেছেন। যেসব অভিযোগ তারা করেছেন, সেগুলো সব মিথ্যা ও বানোয়াট।”

দোহারে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ৪০১ জন। মোট ভোট পড়েছে ৮০ হাজার ৪৪১টি। বৈধ ভোটের সংখ্যা ৭৮ হাজার ৭৯৬টি, বাতিল হয়েছে ১ হাজার ৬৫৫টি।