২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুরা শুধু ভোট ব্যাংক নয়: সুরঞ্জিত

ধর্মীয় সংখ্যালঘুদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার না করে দেশের সামাজিক, অর্থনৈতিক কাঠামোয় তাদের ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 12:52 AM

Updated : 22 Aug 2022, 01:14 PM

“ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষমতায়ন করবেন না, তার প্রতিনিধিত্বায়ন করবেন না, আর তারে খালি ভোট ব্যাংক বানাবেন, এটা তো হয় না। তাদের ক্ষমতায়নের প্রশ্নটি, প্রতিনিধিত্বশীল হওয়ার প্রশ্নটি সামনে আনতে হবে।”

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কুখ্যাত শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর : জনগণের দুর্দশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন সাবেক এই মন্ত্রী।

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকারের দৃষ্টি আর্কষণ করে তিনি বলেন, “আমাদের বহুমাত্রিক গণতন্ত্র করার কথা ছিল। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি দেশের সংখ্যালঘুদের ধরে রাখতে।”

হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছে দাবি করে সুরঞ্জিত বলেন, “নিঃস্বকরণ প্রক্রিয়া চলছে, এটি জিরোতে যাওয়ার আগে সাধু সাবধান! এটা তখন আফগানিস্তানের গণতন্ত্রে পরিণত হবে। নিজের অস্তিত্ব রক্ষায় এই নিঃস্বকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে।”

১৯৪৭ সালের ভারত-পাকিস্তান ভাগের পর হিন্দু সম্প্রদায়ের রেখে যাওয়া সম্পত্তি দখল করা হচ্ছে অভিযোগ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “সবার মধ্যে একটা বিষয়ে ঐক্যমত আছে যে, এটা তো শত্রু সম্পত্তি, শত্রু সম্পত্তি নেব, এটার মধ্যে আবার কথা কী!

“আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেশের হিন্দু জনগোষ্ঠীর নয় শতাংশকে শুন্যে নামাবো, না স্ট্যাবল রাখব। না রাখতে পারলে বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক চেতনার মৃত্যু হবে।”

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট- ব্লাস্ট, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনসহ কয়েকটি সংস্থা ও সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বৈঠক সঞ্চালনা করেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

ব্লাস্টের উপদেষ্টা বিচারপতি এস এম রেজাউল করিম অর্পিত সম্পত্তি বিষয়ক মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি ও রায় বাস্তবায়নের ওপর জোর দেন।

তিনি বলেন, “দেড় লাখ মামলা ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। ট্রাইব্যুনালে রায় নিষ্পত্তি হচ্ছে না। মামলা নিষ্পত্তি না হওয়ায় আমরা সুফল পাচ্ছি না। রায় হলেও তা বাস্তবায়ন হয়নি।