২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি আমাদের দিকে তাকিয়ে: এরশাদ

‘ক্ষমতা ও বলতন্ত্রের’ কাছে দেশে সব কিছুই ‘স্তব্ধ’ হয়ে গেছে দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, পরিস্থিতির উত্তরণে দেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 12:57 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

‘গণতন্ত্রকে নতুন জীবন’ দেবেন এরশাদ

রোববার যশোর জিলা স্কুল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভয়াবহ দুর্বিষহ জীবন-যাপন করছেন দেশের মানুষ। কারোর জীবনেই স্বস্তি নেই।”

দেশে ‘এককেন্দ্রিক সরকার’ চলছে অভিযোগ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “পৃথিবীর কোথাও এমন সরকারের নজির নেই। ১৬ কোটি মানুষের প্রতিনিধি একজন হতে পারে না।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দেশে এমনই সুশাসন চলছে যে, মায়ের গর্ভে থাকা শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তাদেরও গুলিতে আহত হতে হচ্ছে। দিনে দুপুরে শিশুকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এসব গর্হিত কাজের সঙ্গে জড়িতরা ক্ষমতাসীন হওয়ায় তারা পার পেয়ে যাচ্ছে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, “দেশটাকে বিএনপি-আওয়ামী লীগই ধ্বংস করেছে। আমার আমলের রাস্তাঘাট সব ধ্বংস করে জনগণের চলাচলের পথ রুদ্ধ করা হয়েছে। দেশের এ অবস্থা থেকে উত্তরণে আজ জাতি আমাদের দিকে চেয়ে আছে।”

দেশ ও দেশের গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির নেতা-কর্মীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সম্প্রতি চট্টগ্রামে এক সভায় দেশে গণতন্ত্র ‘সমাহিত’ হয়েছে অভিযোগ করে সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, ফের ক্ষমতায় গেলে ‘গণতন্ত্রকে নতুন জীবন’ দেবেন তিনি।

দেশের গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ জাতীয় পার্টি ছাড়া এখন আর কেউ মাঠে নেই দাবি করে তিনি বলেন, “অসহায় জনগণের পাশে একমাত্র আমরাই আছি।”

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন,  “তারা এখন শিয়ালের গর্তে পালিয়েছে। আর এ সুযোগে আওয়ামী লীগ লুটপাট আর দখলবাজিতে ব্যস্ত।”

জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সরু চৌধুরীর সভাপতিত্বে সভায় দলের মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, তাজ রহমান ও যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বক্তব্য দেন।

বক্তব্য শেষে শরিফুল ইসলাম সরু চৌধুরীকে সভাপতি ও মিনহাজুল আবেদিনকে সাধারণ সম্পাদক করে যশোর জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন এরশাদ। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে তাদের নির্দেশ দেন তিনি।