২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্রকে নতুন জীবন’ দেবেন এরশাদ

দেশে গণতন্ত্র সমাহিত হয়েছে মন্তব্য করে সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতায় এলে ‘গণতন্ত্রকে নতুন জীবন’ দেবেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 09:52 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “লিখতে দেব, পড়তে দেব, মানুষের জীবনের নিরাপত্তা দেব।”

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন এরশাদ।

তিনি বলেন, “দেশে গণতন্ত্র আজ সমাহিত হয়েছে। গণতন্ত্র বলতে কী বুঝায়? ভোট দেওয়ার অধিকার, কথা বলার, লেখার ও পড়ার অধিকার। কোনটা কি আছে? আজ মানুষের কণ্ঠ বন্ধ, কলম রুদ্ধ, বাকরুদ্ধ। কথা বলার অধিকার না দিলে গণতন্ত্র থাকে না।”

নব্বইয়ের গণআন্দোলনে ক্ষমতাচ্যুৎ এরশাদ বলেন, “তারা বলেছিল সংসদীয় গণতন্ত্র দেবেন। তার রূপ এখন দেখছি।

“ক্ষমতা ছাড়ার পর দেখলাম বিরোধী দল সংসদে এলো না। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হল না। আমরাই এবার প্রথম বিরোধী দলের ভূমিকা পালন করছি।”

ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে অত্যাচার ও ভূমি দখলের অভিযোগ পত্রিকায় পড়েছেন জানিয়ে এরশাদ বলেন, “হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে।”

হিন্দুদের উদ্দেশ্যে এরশাদ বলেন, “আপনারা অপেক্ষা করুন। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সুবিচার পাবেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “১/১১ এর সময় খালেদা জিয়া ময়মনসিংহে জনসভায় বললেন, ‘এরশাদের ঠিকানা হবে জেলখানা। জীবন্ত যাবে লাশ হয়ে ফিরবে।

“এখন কে লাশ হয় তা দেখার অপেক্ষায় আছি।”

এরশাদ বলেন, “বিএনপি এখন কোথায়? কফিনের বাক্সে। বিএনপি আন্দোলনের ডাক দেয়, একজন মানুষও রাস্তায় নামে না।”

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আমি জ্বালাও-পোড়াও, সন্ত্রাস-দুর্নীতিতে বিশ্বাস করি না। মানুষের ভালোবাসায় বিশ্বাস করি।”  

‘অনেক অত্যাচার’ সহ্য করে জীবনের শেষপ্রান্তে এসে পৌঁছেছেন মন্তব্য করে এরশাদ বলেন, “এখনও আমার নামে অনেক মামলা।”

তাকে ‘শৃঙ্খলিত’ করতেই মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলায় আসামি করা হয় দাবি করে এরশাদ বলেন, “জিয়াউর রহমান এই চট্টগ্রামে খুন হন। কোনো মামলা হয়নি। তাকে খুন করেছিল মঞ্জুর।

“মঞ্জুর নিজেই জিয়াকে হত্যার ঘোষণা দিয়েছিল-রেডিও টেলিভিশনে মানুষ শুনেছে, দেখেছে। অথচ ১৪ বছর নয় মাস পর আমাকে মঞ্জুর হত্যার আসামি করেছে। আমার হাতে শৃঙ্খল পরিয়েছে।”

একদিন সব ‘শৃঙ্খল ভেঙে ফেলার’ আশা প্রকাশ করেন এরশাদ।

বক্তব্য শেষে মাহজাবীন মোরশদকে নগর জাতীয় পার্টির সভাপতি ও এয়াকুব হোসনকে নতুন কমিটির সাধারণ সম্পাদক ঘোষণা করেন এরশাদ।

নগর কমিটির আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে সম্মেলনে জাতীয় পর্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান বক্তব্য রাখেন।