২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাপ্য সম্মানটুকু পাননি তাজউদ্দীন আহমদ’

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম রূপকার তাজউদ্দীন আহমদের যথাযথ মূল্যায়ন হয়নি বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 12:46 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা’য় তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসের স্রষ্টা ও অংশ হলেও তিনি প্রাপ্য সম্মানটুকু পাননি। ব্যক্ত না হলেও জানি গোটা বাংলাদেশের মানুষ শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় চিরকাল এই ইতিহাসের কাছে মাথা নত করে থাকবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ আয়োজিত অনুষ্ঠানে ‘তাজউদ্দীন আহমদের সমাজ ও রাষ্ট্রভাবনা: পরিপ্রেক্ষিত বর্তমান বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতা দেন হাসান আজিজুল হক।

একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার পরিচালনার মূল দায়িত্বটি পালন করেন তার ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন।

স্বাধীনতার কয়েক বছরের মধ্যে বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হয় তাজউদ্দীনকে। তাদের মধ্যকার এই দূরত্ব বাংলাদেশের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলে বলে বিশ্লেষকরা বলেন। 

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আটক করা হয় তাজউদ্দীনকেও। নভেম্বর কারাগারে তাকেসহ চার জাতীয় নেতাকে হত্যা করা হয়।

হাসান আজিজুল হক বলেন, “যে বেঈমানরা তাকে হত্যা করেছিল, তারা প্রায় সবাই স্বাভাবিক মৃত্যুর সুযোগ পেয়েছিল। এতে আমাদের আক্ষেপের অন্ত থাকে না।

“তার হত্যাকারীদের শতবার ফাঁসিতে ঝোলালেও যে অপরাধ তারা করেছিল, তার বিন্দুমাত্র স্খলন হবে না।”

“আমার বলতে দ্বিধা নেই, এই মানুষটির কাছে বাংলাদেশের আপামর জনসাধারণ লজ্জায়, কৃতজ্ঞতায় মাথা নিচু করে থাকতে বাধ্য। তিনি শুধু আমাদের দিয়ে গেছেন। আমরা তাকে কিছুই দিতে পারিনি। এই কথাটা মনে হলে আত্মধিক্কারের অন্ত থাকে না,” বলেন এই কথাসাহিত্যিক। 

তিনি বলেন, “তাজউদ্দীন আহমদ তার নেতা শেখ মুজিবের নামে তার জীবনের সমস্ত কর্ম সম্পাদন করেছেন। কখনোই তাঁর নেতা, বাংলাদেশের রাজনীতির মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে অতিক্রম করার চেষ্টা করেননি। দেশ স্বাধীন হওয়ার পরে পঁচাত্তরের নভেম্বরে মৃত্যু পর্যন্ত তিনি তার নেতাকেই মান্য করেছেন এবং মান্য করেও যতটা সম্ভব বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা রচনা করে গেছেন।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,তাজউদ্দীন আহমদের আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে তাজউদ্দীন আহমদের মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক-গবেষক শারমিন আহমদ বলেন, ব্যক্তি জীবিত থাকে সৎকর্ম ও সুকর্মের মধ্যে। এবং বাংলাদেশ বেঁচে থাকবে এর মধ্যে। তাজউদ্দীন আহমদও সেভাবে বেঁচে থাকবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমরা যদি মেধাভিত্তিক চিন্তা চেতনার চালিকাশক্তিগুলোকে অব্যাহত রাখি,। কোনো ঘটনা ঘটলে সেটা কেন ঘটল, তা চিন্তা চেতনা ও মননের প্রকাশ ঘটাতে পারি তাহলে এগিয়ে যেতে পারব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাহিদ উল আরেফিন চৌধুরীও বক্তব্য দেন।

অনুষ্ঠানে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্রী তনিমা মেগডালিনা কোরাইয়া ‘তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক এবং ২য় বর্ষের ছাত্রী নাসরিন জেবিনকে ‘তাজউদ্দীন আহমদ বৃত্তি’ প্রদান করা হয়।

রচনা প্রতিযোগিতার বিজয়ী শফিকুল ইসলাম (নৃবিজ্ঞান), নুসরাত তাসনিম (আইন),আবু নাঈম (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), ফয়সাল আহমেদ সৌরভ (শান্তি ও সংঘর্ষ) এবং ইব্রাহিম খলিল মুহিম (আইন) ‘তাজউদ্দীন আহমদ ট্রাস্ট ফান্ড পুরস্কার’ প্রদান করা হয়।