খালেদাকে কারাগারে পাঠানোর ষড়যন্ত্র: গয়েশ্বর
দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে শাস্তি দিয়ে কারাগারে পাঠানোর ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রবেশ করানোর জন্য আজ প্রাণান্তকর চেষ্টা চলছে। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী তা-ই মনে হয়।
“স্বাভাবিক মামলা-মোকদ্দমা টাইম পিটিশন থেকে শুরু করে নানা কারণে মামলার সময় লম্বা করে। কিন্তু একমাত্র দেশনেত্রীর মামলার তারিখ দ্রুত ফেলে কত তাড়াতাড়ি ‘আগে থেকে নির্ধারিত রায়টি’ ঘোষণা করতে পারে।”
খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা হয়।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন।
আলোচনা সভায় বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির উপর ভ্যাট আরোপের কঠোর সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
তিনি বলেন, “এটা একটা অর্বাচীনতাসুলভ ও অনৈতিক কাজ হয়েছে। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন নেওয়ার পরও ভ্যাট ধরে বাড়তি অর্থ আদায় কখন কোন সরকার করে? যথন তারা দেখতে পারছে, তাদের ভবিষ্যৎ আর উজ্জ্বলতায় ভরা নয়, অন্ধকারাচ্ছন্ন। অতি শিগগিরই দুই মাস, চার মাস হোক, ছেড়ে দে মা কেঁদে বাঁচি-এরকম একটা পরিস্থিতির মধ্যে এসে গেছে।”
খালেদা জিয়াকে ‘দেশের জনপ্রিয় নেত্রী’ অভিহিত করে তিনি বলেন, “যতদিন পর্যন্ত রক্ত দিয়ে কেনা এই মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না পাচ্ছি, দেশে এক ব্যক্তির শাসন আছে ততদিন পর্যন্ত খালেদা জিয়াকে তার সৃজনশীল রাজনীতি নিযে এই ভুখণ্ডে আমরা দেখতে চাই।”
বিএনপির মধ্যে গণতন্ত্র চর্চার উপর গুরুত্বারোপ করে এমাজউদ্দীন আহমদ বলেন, “দলের ৭৫টি জেলায় সব স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত করা প্রয়োজন। যা বলার নির্বাচনের মাধ্যমে বলা ভালো, কোনো ষড়যন্ত্র কিংবা ফুস-ফাস করার দরকার নেই।”
খালেদার কারামুক্তি দিবস প্রসঙ্গে আলোচনায় তিনি বলেন, “সারাদেশটাই এখন কারাগারে পরিণত হয়ে গেছে। সেখানে মুক্তি পাবেন কোথায়? তাই কারামুক্তির কথা না বলাই ভালো।”
দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহিলা দলের নুরী আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের মুনির হোসেন, ছাত্র দলের মামুনুর রশীদ প্রমুখ আলোচনায় অংশ নেন।
দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমের পরিচালনায় এই আলোচনায় দলের জ্যেষ্ঠ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন, সেলিমা রহমান, আবদুল মান্নান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, এম এ মালেক, মনির খান, তকদির হোসেন জসিম, শিরিন সুলতানা, রাবেয়া সিরাজ, আফরোজা আব্বাস, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, হাফেজ আবদুল মালেক, শাহ নেছারুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
