২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বক্তব্য বিবেচনায় নিতে বললেন বিএনপির রিপন

বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্য প্রধানমন্ত্রীর বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 10:13 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন, যিনি এরশাদবিরোধী আন্দোলনে ছিলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ রোববার জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলনের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “দেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে। বাঁচার অধিকার, ভোটের অধিকার, হারিয়ে ফেলেছে। প্রতিবাদ করলে লাশ পাওয়া যাবে রাস্তায়। প্রতিদিন মানুষ নিগৃহীত হচ্ছে।”

এরশাদের ওই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রিপন বলেন, “প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সাহেব যখন বলেন, দেশে ভীতির পরিবেশ বিরাজ করছে, দেশে অন্ধকার যুগ চলছে। আমি মনে করি, প্রধানমন্ত্রীর বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

“কারণ সরকারের অংশীদার এরশাদও আজ বলতে শুরু করেছেন, দেশ একটা অন্ধকার যুগের মধ্যে চলছে। এটি এখন নিবন্ধিত হয়ে গেছে।”

রিপন বলেন, “আমরা আগে থেকেই বলে আসছি, দেশের কেউ নিরাপদ নয়। মায়ের পেটের শিশুটিও নিরাপদ নয়। বর্তমান পরিস্থিতি এক শ্বাসরুদ্ধকর দম বন্ধ হয়ে যাওয়ার মতো।”

“কথা বললেই গুম, প্রতিবাদ করলেই গুলি, সরাসরি গুলি। সরকার নীতি-নৈতিকতার মাথা খেয়ে বসে আছে। এই পরিস্থিতি স্বৈরাচার এরশাদের সামরিক শাসনকেও হার মানিয়েছে, এখন কোনো কিছুই সরকার সহ্য করতে চায় না।’’

বিরোধী দলের নেতাকর্মীরা এ রকম গুম-গুলির আতঙ্কে কোনো কর্মসূচিও করতে পারছে না বলে অভিযোগ করেন রিপন।

সংবাদ সম্মেলন থেকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী নতুন করে ‘গুম-খুন’ এর ঘটনা ঘটাচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা দাবি করেন, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী দলের ছয় কর্মীকে গুম করেছে।

অবিলম্বে এইসব ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চেয়ে আসাদুজ্জামান রিপন বলেন, “শাসক দলের ২/১ জনকে ক্রসফায়ারে হত্যার ঘটনার পর আমরা আশঙ্কা করেছিলাম, বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করা শুরু হবে।

“আমাদের ওই আশঙ্কা সত্যি হলো। গত কয়েকদিন ধরে ছয়জন কর্মীকে গুম করা হয়েছে, তারা এখনও নিখোঁজ রয়েছেন।”

২২ অগাস্ট থেকে ৩০ অগাস্ট সময়ের মধ্যে ‘গুম হওয়া’ ওই ছয় কর্মীর নাম-ঠিকানা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

এরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের আবদুল লতিফের ছেলে গোলাম রব্বানী, শমসের আলীর ছেলে আবু হোসেন, মো. এনামুলের ছেলে আপেল, মো. সাহাবুদ্দিনের ছেলে বাবু, ফজলু মোল্লার ছেলে টুটুল এবং কাওসার আলীর ছেলে নুরুল ইসলাম।

এর মধ্যে গোলামা রব্বানী, আবু হোসেন ও নুরুল ইসলামকে রাজশাহীর মু্ণ্ডুমালা থেকে, নওগাঁয়ের নওহাটা মোড় থেকে আপেলকে এবং বাবু ও টুটুলকে রাজধানীর খিলক্ষেত থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ বিএনপির।

এছাড়া রোববার কামরাঙ্গীর চর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমএ সায়েমকে পুলিশ গ্রেপ্তারের পর চরম নিযার্তন করলেও এখনও তাকে আদালতে হাজির করা হয়নি বলে অভিযোগ করেন রিপন।

রিপন বলেন, “যারা গুমের শিকার হচ্ছেন, তাদের পরিবার এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকেই দায়ী করছেন। এই দায় থেকে তাদের বেরিয়ে আসতে হবে।’’

সাংবাদিক সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, জেবা আমিনা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

প্রতিবাদ করার অবস্থাও দেশে নেই: এরশাদ