খোকার বিরুদ্ধে মামলা চলবে
ঢাকা সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আপিলের আবেদন খারিজ হয়ে গেছে।
আপিল বিভাগের সোমবার দেওয়া এই আদেশের ফলে এখন নিম্ন আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে এই মামলা চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মামলাকারী দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান।
সিটি কর্পোরেশনের পাঁচ কর কর্মকর্তা নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১০ সালের ২৯ জুন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।
পরে ওই মামলার বৈধতা নিয়ে হাই কোর্টে আবদেন করেন সাদেক হোসেন খোকা।
প্রাথমিক শুনানির পর হাই কোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। চূড়ান্ত শুনানির পর ২০১২ সালে ৩০ মে হাই কোর্ট খোকার আবেদন খারিজ করে রায় দেয়।
ওই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন খোকা, যার ওপর আদালতে শুনানি শেষে সোমবার তা খারিজ করে দেয় আদালত।
