২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল-আনোয়ারসহ বিএনপির ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারসহ ৫৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার দুটি অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 09:51 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

রাজধানীর যাত্রাবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বুধবার বিকালে এই দুটি অভিযোগপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

বৃহস্পতিবার অভিযোগপত্র দুটি আদালতে বিচারকের সামনে উপস্থাপনের কথা রয়েছে।

অভিযোগপত্র দাখিলের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উজির আলী।

তিনি বলেন, “দুই অভিযোগপত্রে রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, খন্দকার মাহবুব হোসেন, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, শামসুল আলম শিমুল বিশ্বাস, শওকত মাহমুদ, শিরীন সুলতানা, শরাফত আলী সপু, বরকতউল্লাহ বুলু, সালাহ উদ্দিন, আজিজুল বারী হেলাল, নবিউল্লাহ নবীসহ ৫৮ জনকে আসামি করা হয়েছে।”

অবরোধের মধ্যে চলতি বছরের বছরের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ী এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে অন্য অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।

সেদিন একটি বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর, পেট্রোলবোমা ছোড়া হয় বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল্লাহ বিশ্বাসের করা মামলায় দুটি অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে মোট ৭৮ জনকে সাক্ষী করা হয়েছে।

দুই মাস আগে ভাংচুর ও নাশকতার অভিযোগে যাত্রাবাড়ী থানা পুলিশ আরও দুটি মামলায় অভিযোগপত্র দেয়। ওই দুটি অভিযোগপত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।