২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তীর জীবনাবসান ঘটল: বিএনপি

‘গণতন্ত্রের বিকাশ আর সুরক্ষার জন্য’ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করেছে বিএনপি

কিংবদন্তীর জীবনাবসান ঘটল: বিএনপি

রানি দ্বিতীয় এলিজাবেথ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 01:22 PM

Updated : 09 Sep 2022, 01:22 PM

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে একজন কিংবদন্তী হিসেবে বর্ণনা করে তার জীবনাবসানে শোক প্রকাশ করেছে বিএনপি।

শুক্রবার সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “ব্রিটিশ রানির মৃত্যুতে আমরা অত্যন্ত গভীরভাবে শোকহত।”

তিনি বলেন, “আমরা মনে করি, তিনি একজন কিংবদন্তী ছিলেন। অর্থাৎ রয়্যাল প্রশাসক ছিলেন ব্রিটেনের। দীর্ঘকালের একটা ঐতিহ্য আজকে চলে গেল, প্রায় ৭০ বছরের তার রাজত্ব, চলে গেল।”

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ; তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রানির শাসনামলে গণতন্ত্রের সুরক্ষায় তার অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “রানি এলিজাবেথের এই দীর্ঘ রাজত্বের মধ্যে আমরা দেখেছি, গণতন্ত্রের যে বিকাশ, গণতন্ত্রের যে রক্ষণা-বেক্ষণ, গণতন্ত্রকে যে সুরক্ষা করা যায়, তার শাসনামালে সেটা আমরা ব্রিটেনে দেখেছি। তার সেই ছায়া পৃথিবীর রাজনৈতিক-গণতান্ত্রিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে।”

রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানের সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে চার্লস।

পাশাপাশি তিনি কমনওয়েলথেরও প্রধান হবেন। ৫৬টি স্বাধীন রাষ্ট্র এবং ২৪০ কোটি মানুষের সংগঠন কমনওয়েলথ। তারমধ্যে যুক্তরাজ্যসহ ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হবেন চার্লস।