২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর রনো মারা গেছেন

শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগতে থাকা এই রাজনীতিককে গত ৬ মে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 09:28 AM

Updated : 26 Aug 2026, 09:34 AM

প্রবীণ রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনো আর নেই। 

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রনো ভাই আর নেই। তিনি হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় শুক্রবার রাত ২টা ৫ মিনিটে মারা গেছেন।”

তার বয়স হয়েছিল ৮১ বছর।

দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত ৬ মে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই মধ্যরাতে মারা যান তিনি। 

প্রবীণ এই রাজনীতিকের শারীরিক অবস্থা জানিয়ে গত ৭ মে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। 

সেখানে বলেছিলেন, “রাজনীতিবিদ ও লেখক হায়দার আকবর খান রনোর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে। তাকে এইচডিইউতে রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেনের যোগান দেওয়া হচ্ছে।”

পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় হায়দার আকবার খান রনোর মরদেহ সোমবার পর্যন্ত শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে। 

স্বজনরা দেশে ফিরলে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হবে এই প্রবীণ রাজনীতিকের মরদেহ। এরপর বনানী কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে। 

হায়দার আকবর খান রনোর জন্ম ১৯৪২ সালের ৩১ অগাস্ট কলকাতায়। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনো ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছিলেন।

রনো ৯০ দশকের সামরিক শাসনবিরোধী আন্দোলনসহ এরশাদ পতনের গণঅভ্যুত্থানের সংগঠক ছিলেন। 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে দীর্ঘদিন থাকলেও ২০১০ সালে মতভিন্নতার কারণে এই দলটি ছেড়ে সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাকে সিপিবির প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন। 

রাজনীতিকের পরিচয়ের বাইরে তিনি তাত্ত্বিক ও লেখক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩।

আরও পড়ুন...

হায়দার আকবর খান রনো আইসিইউতে

রনো সিপিবির সভাপতিমণ্ডলীতে

সিপিবি নেতা হায়দার আকবর খান রনো করোনাভাইরাসে আক্রান্ত