২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ইসি ঘেরাওয়ে গণঅধিকার পরিষদের মিছিল আটকে দিল পুলিশ

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন যাবেন না, জানালেন নুরুল হক নুর।

ইসি ঘেরাওয়ে গণঅধিকার পরিষদের মিছিল আটকে দিল পুলিশ

ইসি ঘেরাওয়ের মিছিলে গণঅধিকার পরিষদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 01:51 PM

Updated : 25 Jul 2023, 04:10 PM

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় নির্বাচন কমিশন ঘেরাওয়ে নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পল্টনের প্রীতম-জামান টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। গুলিস্তান জিরো পয়েন্ট -কদমফোয়ারা-মৎস্য ভবন ও শাহবাগ হয়ে মিছিলটি পৌনে ২টায় বাংলামোটরে পৌঁছার পর পুলিশের বাধায় পড়ে।

ঘটনাস্থলে রমনা বিভাগের উপকমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। একজন কর্মকর্তা বলেন, দীর্ঘ পথ ধরে এই মিছিল গেলে যানজট লেগে জনদুর্ভোগ বেড়ে যাবে।

পুলিশের বাধার মুখে সড়কে বসে পড়েন মিছিলকারীরা। তারা সরকারবিরোধী নানা স্লোগান তোলেন।

এদিকে মিছিলের পিছু পিছু আসা যানবাহনগুলো সড়কে আটকে যাওয়ায় শাহবাগ পর্যন্ত দেখা দেয় যানজট।

পরে বাংলামোটরে সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিজেদের দাবি জানাতে ইসিতে রওনা হন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, নুরে এরশাদ সিদ্দিকী ও শহিদুল ইসলাম ফাহিম।

গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ার দাবি সম্বলিত আবেদনটি ইসির জনসংযোগ পরিচালকের কাছে দেওয়া হয় বলে জানান রাশেদ।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার পর্যন্ত আপত্তি আবেদন জমা দেওয়ার সময় রয়েছে। সব আবেদন পেলে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুরানো খবর:

নিবন্ধন না পেয়ে ইসি ঘেরাওয়ের চিন্তা মান্না-নুরদের

গণঅধিকার পরিষদের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে, আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নেই।”

রাশেদ খান সাংবাদিকদের বলেন, “সাত দিনের মধ্যে আমাদের দাবি না মানলে এবার আর দলীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করব না। সরাসরি ইসিতে এসে ঘেরাও করব।”

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল গণঅধিকার পরিষদ। তবে প্রাথমিক বাছাইয়ে তাদের আবেদন গৃহীত হয়নি।

বাংলাদেশ সুপ্রিম পাটি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম নামে ‘নামসর্বস্ব’ দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সক্রিয় দলগুলোকে বাদ রেখে ‘ভূইফোঁড়’ দুটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করার প্রতিবাদে ইসি ঘেরাও কর্মসূচি ডাকে গণঅধিকার পরিষদ।

মিছিল শুরুর আগে সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, নিবন্ধন না পাওয়া নিয়ে আন্দোলন চালালেও আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন যাবে না তার দল।

সরকার পতনে একদফা আন্দোলনে থাকা বিএনপির সমাবেশের দিন একই দাবিতে প্রীতম-জামান টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

প্রীতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছিল। তবে রেজা কিবরিয়া ও নুরের দ্বন্দ্বে দল দুই ভাগ হয়ে গেলে বাড়িওয়ালা তাদের অফিস ছাড়ার নোটিস দিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেয়।