২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাত্র অর্জন কুশিয়ারা: ফখরুল

মির্জা ফখরুল বলেন, “ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ভারতও তাদের যে গণতান্ত্রিক চরিত্র, সেই চরিত্রকে অক্ষুণ্ন রাখবে।”

একমাত্র অর্জন কুশিয়ারা: ফখরুল

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দলটির নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 05:14 PM

Updated : 09 Sep 2022, 05:14 PM

প্রধানমন্ত্রীর ভারত সফরে ‘দৃশ্যমান কোনো অর্জন’ নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুশিয়ারা নদীর পানি প্রত্যাহারের সমঝোতা স্মারকই এ সফরে বাংলাদেশের একমাত্র অর্জন ।

শুক্রবার শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “আর দেখেছি যে, অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে, তাদের ভালোবাসা-প্রেম নিজেদের মধ্যে... সেগুলোর কথাগুলো খুব জোরেজোরে বলা হচ্ছে- সেটাই আমরা বুঝতে পেরেছি।

“এই সফরে বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পারছি যে, ৫৩ কিউসেক পানি কুশিয়ারা নদীর। এছাড়া এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি।”

মহাসচিব বলেন, “বরং যেটা দেখতে পারছি যে, ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে যানবাহন কেনার জন্য ভারতের কাছ থেকে। আর বলা হয়েছে যে, সীমান্তে হত্যা জিরোতে আনা হবে।

“যেদিন এই কথা বলা হয়েছে সেদিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে, আর দুই জন নিখোঁজ হয়েছে- এই হচ্ছে প্রাপ্তি। আমাদের দৃশ্যমান প্রাপ্তি আমরা এগুলো দেখি।”

চার দিনের ভারত সফর শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, রেলের আধুনিকায়নসহ কয়েকটি বিষয়ে সাতটি সমঝোতা হয়।

বিএনপি নেতা ফখরুল বলেন, “আমরা আগেও বলেছি যে, সরকার মরিয়া হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, এই সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী (এ কে আব্দুল মোমেন) বলেছিলেন যে, তিনি ভারতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেছেন যে, আওয়ামী লীগ সরকারকে যেকোনো উপায়ে টিকিয়ে রাখার জন্যে তারা যেন ব্যবস্থা নেয়, সে কথা বলেছেন।

“আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এটা আমরা বিশ্বাস করি যে সমস্ত দেশ, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক বিশ্ব তারা সব সময় সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবে। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা বিশ্বাস করি, ভারত তাদের যে গণতান্ত্রিক যে চরিত্র সেই চরিত্রকে অক্ষুণ্ন রাখবে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “গত কয়েক সপ্তাহের মধ্যে আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। ঠিক আগের মতো যেটাকে আমরা বলেছিলাম যে, গায়েবী মামলা- সেই গায়েবী মামলা দেওয়া হচ্ছে।

“আপনারা জানেন যে, ইতোমধ্যে আমাদের তিনজন নেতা- যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা নিহত হয়েছেন। আমি গতকাল দেখতে গিয়েছিলাম পাকুন্দিয়াতে মারাত্মকভাবে আহত ছাত্রদলের ১৪ বছরের এক ছেলেকে। তার ফুসফুস গুলিবিদ্ধ হয়েছে, লিভার গুলিবিদ্ধ হয়েছে, তার কিডনিতে গুলিবিদ্ধ হয়েছে। সে রক্ত বমি করছে… ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন তার জীবনরক্ষার জন্য। এটা একটা ঘটনার কথা বললাম আমি।”

ফখরুল বলেন, “বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, সন্ত্রাস করেও না। এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে, মিডিয়াতে কোথাও কোনো সন্ত্রাসের চিত্র আসেনি। সন্ত্রাসের চিত্র যা এসেছে, আওয়ামী লীগের সন্ত্রাসের চিত্র এসেছে। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা- তারা চড়াও হয়েছে গণতন্ত্রকামী মানুষের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে।”

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে এদিন জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ফখরুল। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়।

মহিলা দলের হেলেন জেরিন খান, নাজমুননাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, চৌধুরী নায়াব ইউসুফ এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে নয়া পল্টনের কার্যালয় থেকে শোভাযাত্রার আয়োজন করে মহিলা দল।

আরও পড়ুন

পুরনো খবর:

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর