২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে ইসি: রিজভী

‘‘আপনাদের সংবিধান যে কোথা থেকে নাজিল হয় তা জনগণ জানে,” নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 06:37 PM

Updated : 15 Aug 2023, 06:37 PM

বর্তমান নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এমন অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘সম্প্রতি একজন নির্বাচন কমিশনার বলেছেন, তারা সংবিধানের বাইরে যাবে না। তা যাবে কেন? শেখ হাসিনা আপনাদের একেবারে আওয়ামী চেতনার সালফিউরিক এসিডের মধ্যে চুবিয়ে তুলে নিয়ে এসেছেন। আপনাদের দেহ-মন সব যে আওয়ামী চেতনায় জারিত সেটা তো বলার অপেক্ষা রাখে না, প্রধানমন্ত্রীর কথা, আওয়ামী নেতাদের বক্তব্যের সাথে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারদের কোনো ধরনের বৈপরীত্য হবে…এটা ভাবার কোনো কারণ নেই।”

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) ভোটারবিহীন একতরফা নির্বাচনেরই পাঁয়তারা করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘‘এই নির্বাচন কমিশন এমনই বিশ্বস্ত সেবা দাস যে, তারা স্বায়ত্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও স্বায়ত্বশাসনে নিজেদের ক্ষমতা নিজেরাই হ্রাস করার জন্য সুপারিশ করেছেন এবং সেই ক্ষমতাটি শেখ হাসিনার পদতলে অর্পন করেছেন। অর্থাৎ তারা সুপারিশ করে পাঠিয়েছেন সেটা অবৈধ পার্লামেন্ট পাস করেছে।

‘‘বর্তমান নির্বাচন কমিশন সংবিধানের কথা বলেন শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য। আসলে তারা শেখ হাসিনার নির্দেশে বেআইনি কার্য্কলাপের কাজ চালিয়ে যাচ্ছেন। আপনাদের মনে আছে, ক‘দিন আগে বেআইনিভাবে অজ্ঞাত দু‘টি রাজনৈতিক দলকে রেজিষ্ট্রেশন দিয়েছে যাদের কোনো কার্যালয় নেই, দেশজুড়ে তাদের কোন সংগঠন নেই।”

নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতার দাবি, ‘‘আপনাদের সংবিধান যে কোথা থেকে নাজিল হয় তা জনগণ জানে। আওয়ামী চেতনায় জারিত কি না তা পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করে নিশিরাতের সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। সুতরাং সরকারের গানের সুরেই যে তাল দিবে নির্বাচন কমিশন এটাই স্বাভাবিক।”

কারাগারে বিএনপিসহ বিরোধী দলের বেশ কিছু নেতাকর্মী নিপীড়ন-নির্যাতন এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বলেও অভিযোগ তার।

তিনি বলেন, “আজ দীর্ঘ সাড়ে পাঁচ বছর স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী যিনি বিপন্ন গণতন্ত্রকে এক অকুতোভয় নেতৃত্বে বারবার পুনরুদ্ধার করেছেন, দেশের আইনের শাসন, সুবিচার এবং মৌলিক মানবাধিকারের প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে।

‘‘এই আটক অন্যায়, অবৈধ ও কুৎসিত প্রতিহিংসার বহিঃপ্রকাশ। শেখ হাসিনার নির্দেশে একটি মিথ্যা মামলায় দেশনেত্রীকে সাজা দেওয়া হয়েছে। বন্দি অবস্থায় করা হচ্ছে অমানবিক নিপীড়ন। তাকে উন্নত মানের চিকিৎসা দিতে বাধা দেওয়া হচ্ছে। সরকার দস্যু দলের মতো বন্য আক্রোশের প্রতিফলন ঘটাচ্ছে।”

তার দাবি, ‘‘প্যারোলের অনুমতি পাওয়া সত্ত্বেও মায়ের লাশ দেখতে দেওয়া হয়নি দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে। প্যারোলে মুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরেও জেলগেটে গাড়ীতে উঠানোর সময় তাকে কারাগারে আবার ফেরত পাঠানো হয়।

‘উপরের নির্দেশেই’ তাকে মায়ের জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি অভিযোগ করে রিজভী এ ঘটনার নিন্দা জানান।

সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, আসাদুল করিম শাহিন, নাসির উদ্দিন অসীম, রাকিবুল ইসলাম বকুল ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েল উপস্থিত ছিলেন।