২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেশিনে ‘ভোট ডাকাতি’ করতেই ইভিএম: মোশাররফ

এই বিএনপি নেতার প্রশ্ন, “দেশের মানুষ নিজের হাতে ভোট দিতে পছন্দ করে, সেখানে জোর করে জনগণকে ইভিএম মেশিন দেখানো হচ্ছে কেন?”

মেশিনে ‘ভোট ডাকাতি’ করতেই ইভিএম: মোশাররফ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 05:42 PM

Updated : 27 Sep 2022, 05:42 PM

আওয়ামী লীগ সরকার ‘মেশিনে ভোট ডাকাতি’ করতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার ‘পাঁয়তারা করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 

মঙ্গলবার দুপুরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সরকারের সমালোচনা করে তিনি এ কথা বলেন। 

বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ‘ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ স্মৃতি সংসদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

খন্দকার মোশাররফ বলেন, “যে দেশের মানুষ নিজের হাতে ভোট দিতে পছন্দ করে, সেখানে জোর করে জনগণকে ইভিএম মেশিন দেখানো হচ্ছে কেন? ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছে, ডাকাতি- ওইটা তো আর করা যাবে না। সেজন্য এবার ইভিএম দিয়ে ডাকাতি করার জন্য আজকে তারা (সরকার) কিন্তু প্রস্তুতি নিচ্ছে।”

সরকারের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “দেশের ৮ হাজার কোটি টাকা খরচ করবে এই মেশিনের জন্য। যেখানে আমাদের দেশের মানুষ এখন খেতে পায় না, আজকে দুর্ভিক্ষ প্রায় দেশের অবস্থা। দ্রব্যমূল্যের ঊধর্বগতি, সেখানে এত অর্থ খরচ করা হচ্ছে ইভিএমের জন্য।” 

এ অবস্থা থেকে উত্তরণে সরকারের ‘পরিবর্তনই’ একমাত্র পথ বলে মন্তব্য করেন মোশাররফ। 

তার কথায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেভাবে ‘ধ্বংসের’ পথে এগিয়ে যাচ্ছে, সেটি আর রক্ষা হবে না। 

“গত ১৪ বছর কীভাবে এ সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে, এটাও দেশের সকল মানুষ জানে। অথচ প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বলছেন, বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না।”

মোশাররফ তার বক্তৃতায় প্রয়াত সহকর্মী আসম হান্নান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেন।  

তিনি বলেন, “আসম হান্নান শাহ বেঁচে থাকলে তিনিও এই কথাই বলতেন। আসুন আমরা মরহুমের যে সাহসী জীবন, গণতান্ত্রিক ও দেশাত্মবোধ নিয়ে যে জীবন সেই জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে সেই সাহস নিয়ে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি..বিজয় আমাদের সুনিশ্চিত।” 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আজকে দেখুন এই স্বৈরাচার সরকারকে হটাতে গণমানুষ কীভাবে বিএনপির পতাকা তলের যুক্ত হচ্ছেন। বাংলাদেশের পতাকার ছোট লাঠি নিয়ে তারা আসছে, সেই লাঠি এখন লম্বা হতে হবে।” 

গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, গাজীপুরের কাজী সাইয়েদুল আলম বাবুল, ওমর ফারুক শাফিন, ডা. শফিকুল ইসলাম, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইশরাক সিদ্দিকী, আজিজুর রহমান পেয়ারা, সাংবাদিক রাশেদুল হক এবং প্রয়াত হান্নান শাহের ছেলে জেলার সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বক্তব্য দেন।