Published : 24 Apr 2026, 08:43 PM
মে দিবসে রাজধানীর নয়া পল্টনে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
সেদিন দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সমাবেশের বিস্তারিত জানাতে শুক্রবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি।
সমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান নজরুল ইসলাম বলেন, শ্রমজীবী কর্মজীবী মানুষের সবচেয়ে গৌরবের দিন মে দিবস। এ উপলক্ষ্যে ঢাকায় শ্রমিক সমাবেশ করবেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে থাকবেন। সমাবেশে শ্রমিক আন্দোলনের শ্রমিকরা আসবেন।
“যেহেতু এই সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি, সেহেতু ন্যাচারালি শ্রমিক দল ছাড়াও আমাদের দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আসবেন। আমরা আশা করছি, এটা একটা বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।”
সমাবেশে জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্ব করবেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সমন্বয়কারী সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খানসহ শ্রমিক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।