১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; গঠন করা হয়েছে ১৪টি উপকমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2023, 10:25 PM

Updated : 09 Nov 2023, 10:26 PM

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে থাকছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে গণভবনের গেইটে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, "নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো- চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে৷ গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।

"এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার টাকা ফরমের দাম নির্ধারণ করা হয়েছে।"

Image

গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনেও ফরম তুলতে পারবেন বলেও জানান ওবায়দুল কাদের।

বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "নাশকতা, গাড়ি ভাংচুর ও নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা যতক্ষণ চলবে ততক্ষণ সরকারের পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।"