১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল শোভাযাত্রা, রঙিন ব্যানার-ফেস্টুনে বিএনপির মানা

“দলের অতি উৎসাহী কতিপয় নেতা নিজেদের ছবি সংবলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 09:33 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাংগঠনিক সফরে মোটরসাইকেল শোভাযাত্রা পরিহার করতে বলেছে কেন্দ্রীয় কমিটি, সেই সঙ্গে রঙিন ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড প্রদর্শনের ওপরে বিধিনিষেধ জারি করা হয়েছে।  

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এ বিষয়ে দলের জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা এবং তৃণমূল পর্যায়ের নেতাদের চিঠি পাঠানোর কথা জানিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর।

চিঠিতে বলা হয়েছে, “বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধীনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটর সাইকেলবহর, কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে। এসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে।

“যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মিসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয়, সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়, যা কোনোভাবেই কাম্য হতে পারে না।”

চিঠিতে বলা হয়, “যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটর সাইকেলবহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হল।”

আর পোস্টার-ব্যানারের বিষয়ে চিঠিতে বলা হয়, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রং-বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করছেন। এটি অত্যন্ত দৃষ্টিকটূ, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলাপরিপন্থি।

“দলের অতি উৎসাহী কতিপয় নেতা নিজেদের ছবি সংবলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।”