ওদের চামড়া মোটা হয়ে গেছে, আর কথা বলতে ইচ্ছা করে না: ফখরুল
ফখরুল বলেন, “এই আপনারা (আওয়ামী লীগ) তো বলেছিলেন, একটা কেয়ারটেকার সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।”
চলমান আন্দোলন শুধু বহালই নয়, তীব্র থেকে তীব্রতর হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় দলের তিনি বলেন, “আমি জানি, আমাদের এখানে কথা বলাও বিপদ, এখানে চলাও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সবই বিপদ। তার মধ্যেই এই বিপদ কাটিয়ে উঠে আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে।
“আমাদের যেটা ন্যায্য যে দাবি, সেই দাবিটা আদায় করতে হবে। অর্থাৎ আমরা অন্য কোনো কিছু চাই না, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারজন্য অবশ্যই আমাদের আন্দোলন বহাল থাকবে শুধু নয়, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।”
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযযুদ্ধে জিয়াউর রহমান বীর উত্তমের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারেই দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। তার প্রমাণ একেক করে হচ্ছে সব জায়গায়।”
সরকারের সমালোচনায় তিনি বলেন, “এই সরকারকে নিয়ে কথা বলতে আমার আর ইচ্ছা করে না। কত বলব? ওদের তো চামড়া মোটা হয়ে গেছে। একই সঙ্গে কবরস্থানে চলে গেছে, কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, লুট করো।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ প্রসঙ্গে ফখরুল বলেন, “পঞ্চদশ সংশোধনী করে বাংলাদেশের ১২টা বাজানো হল। আমাদের যে সিস্টেম ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করব, সেটাকে বদলে আবার দলীয় সরকার নিয়ে আসলো। কেন কেয়ারটেকার আনা হয়েছিল? এই আপনারা (আওয়ামী লীগ) তো বলেছিলেন, একটা কেয়ারটেকার সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।
“বেগম খালেদা জিয়া দাবি মেনে নিয়েছিলেন। কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে, তিনি সেটা মেনে নিয়ে এদেশের মানুষের যেটা প্রয়োজন সেটা দিয়েছিলেন, ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন, সংসদে পাস করেছিলেন। আর তোমরা কি করলে? সেটা ধবংস করে দিলে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকে সেই ক্ষমতাকে ভোগ করা, লুট করা দেশের অর্থনীতিকে, এই একই কাজ করছ তোমরা।”
তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের তো বয়স হয়ে গেছে… আমরা কি রাইফেল ধরতে পারব, আমরা কি রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে পারব? পারব না। আমাদের দরকার ইয়াং জেনারেশন। যখন আমরা একাত্তর সালে যুদ্ধে ছিলাম আমরা সবাই (মুক্তিযোদ্ধারা) তরুণ ছিলাম, সবাই যুবক ছিলাম। মাথার মধ্যে কিচ্ছু ছিল না, দেশ স্বাধীন করতে হবে এটা ছাড়া। কে কি হবে না হবে সবাই দলমত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল।”
“আজকে সেই সময় এসে গেছে। তখন দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই লড়াইয়ে আমাদের নামতে হবে। এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিহ্ন হয়ে যাব।”
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধে বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, মুক্তিযোদ্ধা দলের এমএ আবদুল হালিম মিঞা, মোবারক হোসেন, সারোয়ার আলম, মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
