১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্যবস্থা নিন, নইলে ‘অন্য বেনজীররা’ আশকারা পাবেন: সংসদে চুন্নু

“আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি। তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত”, বেনজীরের বিদেশ যাত্রার গুঞ্জন নিয়ে বলেন তিনি।

ব্যবস্থা নিন, নইলে ‘অন্য বেনজীররা’ আশকারা পাবেন: সংসদে চুন্নু
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:59 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ‘গুরুত্ব দিয়ে’ ব্যবস্থা নিতে সংসদে দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক। তিনি বলেন, “না হলে আরও যারা বেনজীর আছেন, তারা আশকারা পাবেন।” 

বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এই দাবি জানান। 

তিনি বেনজীর আহমেদের অনিয়ম দুর্নীতি নিয়ে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত সম্পাদকীয় পড়ে শোনান। 

জাতীয় পার্টির নেতা বলেন, “আসলেই কী বিচিত্র।” 

বেনজীর আহমেদেই বাংলাদেশের প্রথম পুলিশ প্রধান, যিনি একাধারে এর আগে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের এলিট ফোর্স র‌্যাবেরও প্রধান ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান। 

গত ৩১ মার্চ 'বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ' ও ৩ এপ্রিল 'বনের জমিতে বেনজীরের রিসোর্ট' শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ। সেখানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। 

এরপর বেশ কিছু জেলায় বেনজীর ও তার স্বজনদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার খবর আসে গণমাধ্যমে। গুলশানের অভিজাত এলাকায় এক দিনে চারটি ফ্ল্যাট কেনার খবরও ছাপা হয়েছে। 

আরো নানা অনিয়ম, দুর্নীতি এবং তার সঙ্গে ঘনিষ্ঠদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়মিত প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। 

গত ২৩ মে ঢাকার একটি আদালত সাবেক পুলিশ প্রধানের সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়। 

দুর্নীতি দমন কমিশনও বেনজীরের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। ৬ জুন দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে গত ২৮ মে তাকে তলব করা হয়। তবে নির্ধারিত তারিখের আগের দিন তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছেন। 

সাবেক আইজিপির স্ত্রী সন্তানকেও তলব করেছে দুদক। তাদেরকে আসতে বলা হয়েছে ৯ জুন। 

তবে বেনজীর এই মুহূর্তে কোথায় আছেন, তা নিশ্চিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার অবস্থান বলতে না পারার পর বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “‘বেনজীর কোথায় জানেন না, তাহলে রাষ্ট্র আছে?” 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, বেনজীর দেশের বাইরে চলে গেছেন। আর ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়ার আগেই বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “বেনজীর আমাদের লোক নন।” 

তিনি এও বলেছেন, দুর্নীতি করলে যে কারো বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে।

একের পর এক অভিযোগ এলেও বেনজীরের বক্তব্য পাওয়া যাচ্ছে না। তিনি একবারই কথা বলেছিলেন।

গত ২০ এপ্রিল নিজের ফেইসবুক পাতায় ২৫ মিনিটের একটি দীর্ঘ ভিডিও বার্তা পোস্ট করেন সাবেক আইজিপি।

তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জনের যে অভিযোগ আনা হয়েছে তার বেশিরভাগই ‘মিথ্যা’ উল্লেখ করেন।

তিনি যেসব সম্পত্তি অর্জনের তথ্যকে ‘মিথ্যা’ বলছেন, কেউ যদি সেই তথ্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন, তবে সেই সম্পত্তি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হাসিমুখে লিখে দেওয়ারও প্রতিশ্রুতি দেন বেনজীর।

‘বেনজীর চলে গেছেন কি না, কেন জানবেন না?’ 

দেশের বিভিন্ন জায়গায় সাবেক আইজিপির সম্পদ বিপুল সম্পদ গড়ে তোলার ‘তথ্য’ তুলে ধরে মুজিবুল হক বলেন, “বেনজীর যখন র‌্যাবের ডিজি ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন তখন হিন্দু সম্প্রদায়ের অনেককে ভয় দেখিয়ে জমি কিনেছেন। তিনি কয়েক দিন আগে ৮০ কোটি টাকা ব্যাংক থেকে তুলে বিদেশে চলে গেলেন।” 

সাবেক আইজিপি দেশের বাইরে চলে গেছেন কি না, সেটি কেন স্বরাষ্ট্রমন্ত্রী জানবেন না, সেই প্রশ্নও রাখেন চুন্নু। তিনি বলেন, “সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি। তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত।” 

জাতীয় পার্টির নেতা বলেন, “বিরোধী দলের কোনো নেতা যদি চিকিৎসার জন্য বিদেশে যান, তখন তাদেরকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। আর এ রকম একজন ব্যক্তি বিদেশে চলে যাবেন, সরকার জানবে না তা হতে পারে না। এত বাহিনী, এত এজেন্সি, তারা কী খবর রাখে?” 

বেনজীরের দায় সরকার নেবে না বলে ক্ষমতাসীন দলের নেতাদের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, তারও জবাব দেন চুন্নু। তিনি বলেন, “সরকারের দায় নেই বললে মানুষ তা মানবে না। কারণ, এই সরকারের আমলে বেনজীর আহমেদের পদোন্নতি, পোস্টিং হয়েছে। এই সরকারের আমলে দুর্নীতি করে তিনি এসব সম্পদ গড়েছেন। তার দুর্নীতিতে প্রমাণিত হয়েছে, সব সম্ভবের দেশ বাংলাদেশ।” 

‘বেনজীর সমাজের রন্ধ্রে রন্ধ্রে’ 

আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী ও বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীও বেনজীর প্রসঙ্গ তোলেন। 

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “সেনাবাহিনী প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, দেশ তো তাদের। লক্ষ লক্ষ আজিজ, বেনজীর সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।” 

আরও পড়ুন:

নজিরবিহীন বেনজীর

আরাভ নামে কাউকে চিনি নাবেনজীর

বেনজীর-আজিজ আওয়ামী লীগের 'লোকনয়কাদের

বেনজীর দুদকে হাজির হচ্ছেন নাকি সময় নিচ্ছেনদেখার বিষয়পররাষ্ট্র

দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে সময় চান বেনজীর

বেনজীরের সম্পদদুদককে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাই কোর্টের

নিজের ও পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ

বেনজীরের 'অবৈধ সম্পদনিয়ে অভিযোগঅনুসন্ধানে দুদক

গোপালগঞ্জে বেনজীরের রিসোর্ট 'আপাততবন্ধ

বেনজীরের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের