Published : 24 Jul 2026, 05:46 PM
আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে। ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
২০২২ সালে কাতারে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে বড় ভূমিকা রাখেন ওতামেন্দি। চার বছর আগের ওই আসরে দলের সবগুলো ম্যাচের পুরোটায় খেলেন তিনি। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে একটি অ্যাসিস্টও করেন এই সেন্টার-ব্যাক।
২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা দলেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওতামেন্দি। কদিন আগে শেষ হওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপেও খেলেন তিনি। এবার অবশ্য বেশিরভাগ ম্যাচেই তাকে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামতে দেখা যায়। কেবল একটি ম্যাচেই পুরোটা সময় খেলেন তিনি, গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে। ৩-১ গোলে জেতা ওই লড়াইয়ে ছিলেন দলের অধিনায়কও।
এবারের বিশ্বকাপে ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ে গড়ানো ওই ম্যাচে ৭৬ মিনিট খেলেন ওতামেন্দি। বিশ্বকাপ ফাইনাল খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলতে পেরে গর্বিত তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন ৩৮ বছর বয়সী ওতামেন্দি। যেখানে আর্জেন্টিনার জার্সিতে তার কিছু মুহূর্তের দৃশ্য দেখা যায়। সেখানেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে ঘোষণা দেন তিনি।
“আজকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শব্দগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের লিখন এমনই ছিল, (আর্জেন্টিনার হয়ে) আমার শেষ ম্যাচটি ছিল বিশ্বকাপের ফাইনাল। ফলাফল আমাদের চাওয়া মতো হয়নি। তবে, গর্ব নিয়েই বিদায় নিচ্ছি। কারণ জানি, শেষ মুহূর্ত পর্যন্ত এই দল তাদের সর্বোচ্চ দিয়ে লড়েছে।
“আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।”
আর্জেন্টিনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৯ ম্যাচ খেলেছেন ওতামেন্দি। আটটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্টও করেছেন তিনি।
আর্জেন্টিনার হয়ে মোট চারটি বিশ্বকাপ (২০১০, ২০১৮, ২০২২, ২০২৬) ও পাঁচটি কোপা আমেরিকায় (২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১, ২০২৪) খেলেন ওতামেন্দি।
ইউরোপের ফুটবলে ১৬ বছরের অধ্যায়ে পোর্তো, ভালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে খেলেছেন ওতামেন্দি। এখন নতুন পথচলা শুরু করবেন তিনি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের জার্সিতে।