Published : 16 Jul 2026, 10:48 PM
হেফাজতে ইসলামের আমিরের আহ্বানে ‘নীতিগতভাবে ঐক্যবদ্ধ’ হয়েছে কওমি ঘরানার সাতটি ইসলামী দল।
বৃহস্পতিবার চট্টগ্রামে ৭ দলের নেতাদের বৈঠকে এই ‘ঐক্য’ হয় বলে হেফাজতে ইসলামীর নেতারা বলেছেন।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক চলে।
পরে হেফাজতে ইসলামের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয়।
সভা শেষে হেফাজতে ইসলামীর মহাসচিব মাওলানা সাজিদুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, “উনাদের নিয়ে দীর্ঘ সময় আলোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, নীতিগতভাবে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব; ঐক্যবদ্ধভাবে কাজ করব। তবে ঐক্যের ফর্মুলা কী হবে, এটা আমরা পরে আবার বসে ঠিক করব।”
মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি উবাইদুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হোসেন ও ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।
বৈঠকে উপস্থিত সাত দলের নেতারা আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আমরা নীতিগতভাবে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সামনে এ নিয়ে আরো সভা হবে। তখন ঐক্য প্রক্রিয়া কী রকম হবে, সে বিষয়ে সবকিছু জানতে পারবেন।
“কওমি ঘরানার আমরা যারা, সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায়ে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
গত জাতীয় সংসদ নির্বাচনে কওমি ঘরানার বিভিন্ন দল একাধিক জোটে যায়। তারা পৃথকভাবে নির্বাচনে অংশ নেয়।
এ বিষয়ে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “সেটা নির্বাচনের সময়ের বিষয়। এখন ভিন্ন সময়। আমরা দীর্ঘদিন ধরে যেসব দাবি নিয়ে সক্রিয় ছিলাম সেসব বিষয়ে আমরা ঐক্যবদ্ধ।”
বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার রাতে মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফাজত আমিরের সঙ্গে একটি বৈঠক ছিল। উনি ডেকেছিলেন, কওমি মাদ্রাসাভিত্তিক সাতটি দলকে। তার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল।”
সাত দল মিলে কোনো জোট গড়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “জোট হওয়ার কোনো বিষয় না। কওমি মাদ্রাসাভিত্তিক যেসব দল, তারা তো সব সময় কাছাকাছি থাকি বা ছিলাম। বিগত নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটু দুরত্ব এসেছিল। আমাদের চেষ্টা থাকবে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি।”