Published : 15 Jul 2026, 05:59 PM
চট্টগ্রাম বন্দরের ‘বে টার্মিনাল’ চালু হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে শুভ সূচনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সরওয়ার নিজামের প্রশ্ন ছিল, বে টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরকে আধুনিকরণ করার জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এই প্রশ্নের ডিটেইলটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি নোটিশ দিলে আমি আপনাকে ডিটেলটা জানাতে সক্ষম হব। তবে বে টার্মিনাল এটার বাস্তবায়নের পরিকল্পনা আমরা নিয়েছি। বে টার্মিনালটা চালু হলে অবশ্যই এর একটা উপকারিতা সামগ্রিকভাবে অর্থনীতি এবং দেশ পাবে।
“বে টার্মিনাল চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। এখন নাব্যতার জন্য অনেক সময় বড় জাহাজ আসতে পারে না। যখন বড় জাহাজগুলো আসবে, এর ফলে স্বাভাবিকভাবে পরিবহন ব্যয় বা খরচ অনেক কমে আসবে।”
চট্টগ্রাম বন্দরকে দেশের সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এখানে কোনো কাজ করতে গিয়ে যদি দুর্নীতি হয় অবশ্যই দেশের আইন অনুযায়ী যারা এর জন্য দায়ি তাদের বিচার হবে। একই সঙ্গে আমাদের সরকারের প্রচেষ্টা থাকবে, যে কোনো জায়গায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় যেন না হয়।”