২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা হয়নি কোন নির্বাচনে, প্রশ্ন কাদেরের

“এখানে প্রধান বিরোধী দল (বিএনপি) শুধু নির্বাচনে অংশগ্রহণ করছেন এমন না, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”

সহিংসতা হয়নি কোন নির্বাচনে, প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 05:17 PM

Updated : 05 Jan 2024, 05:17 PM

সহিংসতার ঘটনা ঘটেনি– এমন কোনো নির্বাচন কেউ দেখেছে কি না, সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় একশ স্থানে সহিংসতা হয়েছে এবার, মারা গেছেন অন্তত তিনজন। এই পরিবেশ সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা সহায়ক– এমন প্রশ্ন ওবায়দুল কাদেরের সামনে রেখেছিলেন একজন সাংবাদিক।

উত্তরে তিনি বলেন, “সহিংসতার ঘটনা ঘটেনি এমন কোনো নির্বাচন আপনি দেখেছেন? আমাদের পাশের দেশ ইনডিয়ায় বিধানসভা নির্বাচনে অনেক সহিংসতা হয়। এখানে প্রধান বিরোধী দল (বিএনপি) শুধু নির্বাচনে অংশগ্রহণ করছেন এমন না, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”

দশম সংসদ নির্বাচনের মত এবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ভোট বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ভোটের দিন ঘিরে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে তারা। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এই মরচে ধরা হাতিয়ার বিএনপি আগেও প্রয়োগ করেছে, কোনো লাভ হয়নি। সামনে লাভ হবে এমন আশা করাটাও দুরুহ।”

বিএনপির হরতালের মধ্যে রোববার ভোটারদের কেন্দ্রে আনতে আওয়ামী লীগ ‘বিশেষ কোনো ব্যবস্থা’ রেখেছে কিনা, তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক।

জবাবে কাদের বলেন, “ভোটারদের কেন্দ্রে আনার জন্য বিশেষ কোনো ব্যবস্থায় রাখিনি। গণতন্ত্রে সব সময় দেখা যায় কোনো নির্বাচন হলে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা, ভোটারদের কেন্দ্রে আনা এটা আমাদের নেতাকর্মীদের টিম আছে এই টিম সে কাজটা করবে।

“বেশিরভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসবে। কেউ ভোট দিতে আসতে একটু দেরি করতে পারেন, তাদের উৎসাহিত করার জন্য আমাদের টিম কাজ করবে।”

ভোটের দিন বিএনপির হরতালের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির হরতাল অবরোধ আমরা দেখেছি। হরতালের দিন আরো বেশি যানজট হয়। হরতাল-অবরোধ শুধু তাদের কর্মসূচিতে আছে, বাস্তবে নেই।”

গ্রাম ও শহরে ভোটের হার এবার কেমন আশা করছেন– এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “গ্রাম ও শহরকে আমি পার্থক্য করতে চাই না। আমি একটা কথাই বলব, টার্ন আউট সন্তোষজনক হবে।”

আওয়ামী লীগ কয়টি আসন পাবে ও বিরোধী দল কে হবে– সেই প্রশ্নও করা হয় ওবায়দুল কাদেরকে। উত্তরে তিনি বলেন, বিষয়টা স্পষ্ট হবে নির্বাচন শেষ হলে।

“এই মুহূর্তে এ নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এই নির্বাচনে বিজয়ী হব। কত আসন সেটা আমি এখন বলতে চাই না। জনগণের ভালো স্বতঃস্ফূর্ততা আছে, আমরা ভালো আসনই পাব। তবে কত আসন সেটা নিয়ে মির্জা ফখরুলের মত গণক হতে চাই না। বিরোধী দল কে হবে সেটা ইলেকশনের রেজাল্টই বলে দেবে।”

বিএনপির বর্জনে এ নির্বাচন বিদেশিদের গ্রহণযোগ্যতা পাবে কিনা– এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, “আগে ইলেকশনটা হতে দেন। গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটা তো বিদেশেরাই বলবেন। আমরা বলছি টার্ন আউট ও অংশগ্রহণ সন্তোষজনক হবে। এটা একটা ভালো ইলেকশন হবে, যদিও প্রধান বিরোধীদল নির্বাচনে নেই। বিএনপি থাকলে ইলেকশানটা মোর কম্পিটিটিভ হত। বিএনপি নেই তারপরও নির্বাচনটা প্রতিযোগিতামূলক হবে।“

ভোটের দিন হরতাল দেওয়ায় বিএনপির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসবে কি না– এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, “কোন কোন ক্ষেত্রে ভিসা নীতি আসবে বা নিষেধাজ্ঞা দেবে, সেটা আমেরিকা ভিসা নীতিতে স্পষ্টভাবে বলেছে। বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করছে, সে ক্ষেত্রে কেন তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আসবে না, এটা আমরা খোদ যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাই, এটা আমাদের জিজ্ঞাসা।”

অনেক বিদেশি সংবাদমাধ্যম এবারের নির্বাচনকে ‘একতরফা’ বলছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এখানে যেটা হচ্ছে, সেটা ওয়ান সাইডেড ইলেকশন না। সেটা হবে ওয়ান সাইডেড বিরোধিতা।”

বিএনপির অভিযোগ, সরকার ‘ডামি প্রার্থী’ দিয়ে ‘ডামি নির্বাচন’ করছে। এ বিষয়ে প্রশ্ন করলে কাদের বলেন, “বিএনপি নিজেই একটা ডামি দল।”