২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক এবার যাচ্ছেন উত্তরে

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তার তিন দিনের সফর শুরু হবে।

তারেক এবার যাচ্ছেন উত্তরে
তারেক রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 09:37 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের পর এবার দেশের উত্তরাঞ্চলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারাভিযান শুরু হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তার তিন দিনের সফর শুরু হবে।

বেলা ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠ নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক। এরপর বিকাল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ধানের শীষে ভোট চাইবেন। 

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তার।  

শুক্রবার রংপুরে যাবেন তারেক রহমান। বিকালে তিনটা ৪৫ মিনিটে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন। 

এরপর শনিবার বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা –টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারম্যান।  

এই সফরে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন বগুড়ায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তারেক রহমান। 

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনি প্রচার চালিয়ে তিনি সড়কপথে ঢাকা আসেন।

এ পর্যন্ত ১৬টি নির্বাচনি জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান। ব্যাপক উপস্থিতির কারণে প্রতিটি সমাবেশে আসতে তার ৩ থেকে ৫ ঘণ্টা বিলম্ব হয়েছে। কর্মী-সমর্থকরা গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের অপেক্ষায় বসে ছিলেন।