১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়তে শপথ নেওয়ার আহ্বান কাদেরের

‘বিএনপি জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনো হুমকি দিচ্ছে’ বলে কাদেরের ভাষ্য।

নিজস্ব প্রতিবেদক

Published : 14 Dec 2023, 02:09 PM

Updated : 14 Dec 2023, 02:09 PM

মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে দেশের মানুষকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, "মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

"আজকের দিনে শপথ হবে বাংলাদেশকে সাম্প্রদায়িকতামুক্ত করা। বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।"

কাদের মনে করেন, একাত্তরে যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো ডালপালা মেলে আছে। এবং তারা স্বাধীনতার শত্রু।

"বিএনপি জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনো হুমকি দিচ্ছে’ মন্তব্য করে কাদের বলেন, “পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে।“

একাত্তরের চেতনা আর আত্মশক্তিতে বলীয়ন এই জাতি কখনো পরাজিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।