অতীতেও ডান-বাম ঐক্যে সাড়া পায়নি বিএনপি: হাছান মাহমুদ
২০১৮ সালের নির্বাচনে জোট গড়ে ভোট করে বিএনপির ৫ আসন পাওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন এই আওয়ামী লীগ নেতা।
বিএনপির ’নামসর্বস্ব’ দল নিয়ে ঐক্য গড়ে আন্দোলনে ‘সাড়া ফেলতে পারবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
রোববার রাজধানীর সিরডাপ মিলানয়তনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী আন্দোলনের রূপরেখা দেবেন বলে যে ঘোষণা দিয়েছেন, সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “এসব রাজনৈতিক দলের বাস্তবিক অর্থে কোনো অস্তিত্ব নেই। সাইনবোর্ডেই শুধু অস্তিত্ব।
“২০১৮ সালের নির্বাচনের আগেও এরকম একটা ঐক্য তারা করেছিল। ডান, বাম, অতি ডান, অতি বাম সবাইকে নিয়ে ঐক্য করেছিল। সেই ঐক্যের ফলাফল হচ্ছে বিএনপির ৫টি আসন।”
হাছান মাহমুদ বলেন, “এখনও নামসর্বস্বদের নিয়ে তারা যদি আন্দোলন করে, অতীতে যেমন জনগণ সাড়া দেয়নি, এবারও কোনো সাড়া দেবে না।”
আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা তাদের আন্দোলনের নমুনা এরই মধ্যে কিছুটা দেখেছি।
“সেটি হচ্ছে আন্দোলন করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করা, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ, সারাদেশে একটি গণ্ডগোল করার অপচেষ্টা চালানো।”
সরকার পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর ‘হামলা’ করেছে- বিএনপি এমন অভিযোগের জবাবে হাছান মাহমুদ বলেন, “নির্বাচনের মাঠ থেকে তো কেউ কাউকে সরাতে পারে না। নির্বাচন করবে নির্বাচন কমিশন।
“নির্বাচনের মাঠ থেকে ২০১৪ সালে তারা পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালেও তারা নির্বাচনের মাঠ থেকে পালিয়ে গিয়ে নির্বাচনের ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে গিয়েছিলেন। এবার তারা নির্বাচনের ট্রেনের পাদানিতে চলবেন নাকি ট্রেনে চড়বেন এই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, জনপ্রিয়তা যাচাই করুক।”
নেতাকর্মীদের চাঙা রাখতে বিএনপি ‘আন্দোলনে জয়ী হওয়ার স্বপ্ন’ দেখাচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “এজন্য মির্জা ফখরুল সাহেবের গলা সবসময় চড়া দেখতে পাচ্ছি। এটাও দেখছি তারা যে সভা সমাবেশগুলো করছে সেখানে মানুষ আস্তে আস্তে কমছে।”
নির্বাচনে আসতে বিএনপির নিরপেক্ষ সরকারের শর্ত নিয়ে হাছান মাহমুদ বলেন, “নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় কমিশনের অধীনে। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান।
“সংবিধান অনুযায়ী অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সরকার হয়, অর্থাৎ যে সরকার ক্ষমতায়, তারাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।
”আমাদের দেশেও তাই হয়, অন্য কোনো বায়না ধরে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সেই নির্বাচনে আমরা আশা করবো বিএনপি পালিয়ে যাবো না।”
’নারায়ণগঞ্জে বিএনপি পুলিশের কোনো অনুমতি না নিয়ে সমাবেশ করেছিল’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “এমনকি সিটি করপোরেশন বা জেলা প্রশাসনের কোনো অনুমিত নেয়নি এবং তাদের যখন বারণ করা হলো, তাদের পার্টি অফিসের সামনে করতে বললো তখন তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলো। পুলিশ বক্স ভাঙচুর করলো। অনেক পুলিশ আহত হলো।
“এভাবে তারা বিশৃঙ্খল পরিস্থিতি চেষ্টা করার অপচেষ্টা চালাচ্ছে। এই বিশৃঙ্খলা তাদের করতে দেওয়া হবে না।”
সংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ‘সবুজ বাংলাদেশ: সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির তিন দিনব্যাপী ‘এনভায়রনমেন্টাল প্রটেকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন হাছান মাহমুদ।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বন পরিবেশ বিষয়ক উপ মন্ত্রী হাবিবুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক নাসরীন আহমাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুর রহমান ও সঞ্চলনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপ কমিটির সদস্য দেলোয়ার হোসেন।
