২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন হচ্ছে না, হয়ে গেছে: মঈন খান

“সরকার ইতিমধ্যে ঠিক করে নিয়েছে কোন সিটে কোন এমপি। ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদের কোনো গুরুত্ব বহন করে না।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 03:53 PM

Updated : 03 Jan 2024, 03:53 PM

ভুয়া-ধাপ্পাবাজীর নির্বাচন করে সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের তিনি বলেন, “আমাকে প্রশ্ন করা হয়, ৭ জানুয়ারির ভোটের পর আপনারা কি করবেন? আমি স্পষ্টভাষায় বলে দিতে চাই, এই সরকারকে বুঝতে হবে, ২০২৪ সাল, ২০১৪ সাল নয়।

“সরকার যদি মনে করে থাকে একটি ভুয়া-ধাপ্পাবাজীর ভোট করে তারা আবার ৫ বছরের জন্য নিশ্চিত করে নেবে, এটা কোনোদিন হবে না।”

বর্হির্বিশ্বের চাপের পরও নির্বাচন হয়ে যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, “নির্বাচন হয়ে যাচ্ছে নয়, নির্বাচন হয়ে গিয়েছে। যেদিন ওরা মনোনয়ন দাখিল করেছে সেদিনই একতরফা নির্বাচন হয়ে গিয়েছে। সরকার ইতিমধ্যে ঠিক করে নিয়েছে কোন সিটে কোন এমপি। ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদের কোনো গুরুত্ব বহন করে না।”

মঈন খান বলেন, “আপনাদের মনে আছে এই সরকার একদিন বলত ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। আজকে এই সরকার কেন এই স্লোগান দেয় না, বাংলাদেশের ১৮ কোটি মানুষ সেই প্রশ্ন করছে। আজকে এই সরকার কেন বলে, ‘আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব? আজকে কেন এই সরকার বলে ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব? কেন ভোট বাক্স আগের রাতে দখল করে ইচ্ছামতো ব্যালটে সিল মেরে ইচ্ছামতো কে কত ভোট পেয়েছে তা লিখে দেয়?”

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে আবদুল মঈন খান পথচারী, যানবাহনে থাকা সাধারণ যাত্রী ও ফুটপাতের হকারদের হাতে ৭ জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন।

এ সময়ে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলন, ভিপি ইব্রাহিম, কেন্দ্রীয় নেতা ফেরদৌস পাটোয়ারি, মিজানুর রহমান লিটু, ওবায়দুর রহমান টিপু, শাহ আবদুল্লাহ আল বাকি, শাহ মনিরুর রহমান, শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর আলম, হারুনর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘একতরফা নির্বাচনকে না বলুন’

সকাল সাড়ে ৭টায় মতিঝিলের এজিবি কলোনি বাজারে দোকানদার ও ক্রেতাদের হাতে ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘এই নির্বাচন জনগণের নির্বাচন নয়, নির্বাচন লীগের নির্বাচন। এই নির্বাচন অবৈধ ক্ষমতাকে আঁকড়ে রাখার নির্বাচন।

“আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই একতরফা ডামি নির্বাচনকে ‘না’ বলুন। ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে কেউ যাবেন না। ওদেরকে ধিক্কার জানান, ঘৃণা করেন যে, ওরা আপনারাদের ভোটের অধিকার হরণ করেছে।”

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, পারভেজ রেজা কাঁকন, আকরামুল হাসান প্রমুখ।