১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণা-৪ উপ নির্বাচন: নৌকার প্রার্থী হতে আবেদন নয়জনের

২১ জুলাই আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হবে।

নেত্রকোণা-৪ উপ নির্বাচন: নৌকার প্রার্থী হতে আবেদন নয়জনের

নেত্রকোণা-৪ আসনের উপ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিচ্ছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 07:14 PM

Updated : 19 Jul 2023, 07:48 PM

নেত্রকোণা-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন নয়জন। এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ।

দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিন বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত নয়জন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

মঙ্গলবার সকাল থেকে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেত্রকোণা-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

এই নির্বাচনে নৌকার প্রার্থী হতে সাজ্জাদুল হাসান ও শফী আহমেদ ছাড়াও যারা মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন- মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সদস্য মমতাজ হোসেন চৌধুরী, গোলাম বাকী চৌধুরী, এম মঞ্জুরুল হক, রোমান মিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান।

সায়েম খান বলেন, “নেত্রকোণা-৪ আসনে প্রার্থী হতে গত দুই দিনে নয়জন ফরম সংগ্রহ করেছেন। আগামী ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে মনোনয়ন পাবেন সেখানেই তার সিদ্ধান্ত হবে।”

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে নেত্রকোণা-৪ আসনটি গত ১২ জুলাই শুন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

১১ জুলাই মারা যান রেবেকা মমিন। 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনের উপ নির্বাচনের জন্য ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই; আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।

২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে এই উপ নির্বাচনে।

পুরানো খবর:

রেবেকা মমিনের আসনে উপ-নির্বাচন ২ সেপ্টেম্বর

পুরানো খবর:

নেত্রকোণার এমপি রেবেকা মমিন আর নেই