১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেবেকা মমিনের আসনে উপ-নির্বাচন ২ সেপ্টেম্বর

২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা, বাছাই হবে ২৫ জুলাই, আর প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।

রেবেকা মমিনের আসনে উপ-নির্বাচন ২ সেপ্টেম্বর

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 01:45 PM

Updated : 19 Jul 2023, 06:07 PM

রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়া নেত্রকোণা-৪ আসনে উপ-নির্বাচন হবে আগামী ২ সেপ্টেম্বর।

রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় এ উপ নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই; আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।

এরপর ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

পুরানো খবর:

নেত্রকোণার এমপি রেবেকা মমিন আর নেই

জাতীয় নির্বাচনের বাকি আছে আর পাঁচ মাস। ফলে এ উপ নির্বাচনে বিজয়ী প্রার্থী দায়িত্ব পালনের জন্য খুব বেশি সময় পাবেন না।

তারপরও সংসদ সদস্য মারা যাওয়ায় ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কাজী আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

Image

রেবেকা মমিন

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এই নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মংমনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

৭৬ বছর বয়সী রেবেকা মমিন দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। গত ১১ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টানা তিন মেয়াদে সংসদে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের ভোটারদের প্রতিনিধিত্ব করা রেবেকা মমিন প্রথমবার এমপি হন ২০০৮ সালের নির্বাচনে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন হচ্ছে সোমবার, এই নির্বাচনও হবে ব্যালট পেপারে। সিসি ক্যামেরা থাকবে সব কেন্দ্রে। নির্বাচন ভবন থেকে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা ১৭ আসনটি ফাঁকা হয়। এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন।