২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর সঙ্গে সেলফি তুলতে মাঠে দর্শক, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পর্তুগাল কোচ

দর্শকদের মাঠে ঢুকে পড়া প্রতিরোধে নিরাপত্তা কর্মীদের আরও সচেষ্ট হওয়া উচিত বলে মনে করেন রবের্তো মার্তিনেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 07:54 AM

Updated : 26 Aug 2026, 09:50 AM

ম্যাচ শেষ হতে তখনও বাকি মিনিট বিশেক। মাঠে নেমে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে সেলফি তুলল এক খুদে দর্শক। ম্যাচ শেষ হওয়ার পরপরই আরও পাঁচ জন দর্শক মাঠে ঢুকে গেলেন পর্তুগিজ মহাতারকার সঙ্গে ছবি তুলতে। 

কয়েকজনের আবদার মেটালেও, একটা পর্যায়ে খানিকটা অসন্তুষ্ট দেখা গেল রোনালদোকে। এসব ঘটনার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে শনিবার ডর্টমুন্ডে তুরস্ককে ৩-০ গোলে হারায় পর্তুগাল। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মার্তিনেস বলেন, দর্শকদের মাঠে ঢুকে পড়া প্রতিরোধে নিরাপত্তা কর্মীদের আরও সচেষ্ট হওয়া উচিত।

“এটি উদ্বেগের কারণ, আজ (শনিবার) আমরা ভাগ্যবান যে দর্শকদের উদ্দেশ্য ভালো ছিল। আমি মনে করি, আমরা সবাই এমন দর্শককে ভালোবাসি…কিন্তু তাদের উদ্দেশ্য যদি অসৎ হয়, তাহলে খুব, খুব খারাপ কিছু হবে।”