২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগপৎ আন্দোলনের গতি বাড়াতে দুই দলের সঙ্গে বিএনপির বৈঠক

গণফোরামের একাংশ ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে এই বৈঠক হয়েছে।

যুগপৎ আন্দোলনের গতি বাড়াতে দুই দলের সঙ্গে বিএনপির বৈঠক

বৈঠকে বিএনপি, গণফোরামের একাংশ ও এনপিপি নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 03:15 PM

Updated : 29 Apr 2023, 03:28 PM

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে যে আন্দোলন চলছে, তার গতি কীভাবে বাড়ানো যায়, তা ঠিক করতে বিএনপি বৈঠক করেছে দুই মিত্র দলের সঙ্গে।

শনিবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরামের একাংশ ও বাংলাদেশ পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

দেড় ঘণ্টার বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, “চলমান যুগপৎ আন্দোলনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, কীভাবে বেগবান করা যায়, দেশের মানুষের মুক্তির আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে কী কী কর্মসূচি হতে পারে, আন্দোলনের গতি-প্রকৃতি কী হতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।”

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই দাবি মানতে নারাজ।

আমীর খসরু বলেন, “দেশের মুক্তিকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে। আন্দোলনের প্রয়োজনীয় কর্মসূচি দরকার। সেটা আমরা আলোচনা করেছি। সেভাবে আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো। আমরা যুগপৎ আন্দোলনের দলগুলো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে চলছি। বিজয় না আসা পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।”

তবে কী কী কর্মসূচি আসতে পারে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, “চলমান আন্দোলন জোরদার করার জন্য আজকে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করছি। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে।

“মানুষের প্রচুর সমর্থন আমাদের প্রতি আছে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা সফল হব, ইনশাল্লাহ।”

বৈঠকে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রনো উপস্থিত ছিলেন।