২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি কীভাবে সন্তুষ্ট? প্রশ্ন ফখরুলের

নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ ১০টার বেশি আসন পাবে না, আবার বললেন বিএনপি মহাসচিব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 08:37 PM

Updated : 14 Jun 2023, 11:13 AM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতী ফয়জুল করীমের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “এই নির্বাচন কমিশন সিটি করপোরেশনের অনেকগুলো মেয়র নির্বাচন করেছে। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন যে, ‘আমি খুব সন্তুষ্ট এই নির্বাচন নিয়ে’। কীভাবে সন্তুষ্ট? বরিশালে যিনি প্রার্থী ছিলেন চরমোনাই পীর সাহেবের ছেলে মাওলানা ফয়জুল করীম, আলেম মানুষ, তাকে আওয়ামী সন্ত্রাসী পিটিয়ে রক্তাক্ত করেছে… বন্ধ করতে পারেন নাই।

“এত ব্যর্থ আপনারা যে, একজন মেয়র প্রার্থী সর্বজন শ্রদ্বেয় আলেম মানুষ- তাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেন না। আর আপনারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধ ও সুষ্ঠুভাবে। কি পারবে? পারবে না।”

লোড শেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবার ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে ওয়াক্তিয়া মসজিদ মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে রেখেছিল, তারপরে বাসায় নিয়ে গৃহবন্দি করেছিল। আপনারা নিশ্চয় শুনেছেন গতকাল রাতে আবার অসুস্থ হয়ে পড়েছেন। অত্যন্ত অসুস্থ। সেই অবস্থায় তাকে রাত ৩টার সময়ে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন।

“আমাদের নেতা তারেক রহমান- তাকে কীভাবে মিথ্যা মামলা দিয়ে সুদূরে নির্বাসিত করে রেখেছে। আমাদের এখানে এমন কোনো নেতা নাই যার বিরুদ্ধে ৪০/৫০টা মামলা নাই। ৪০ লক্ষ মানুষকে আসামি করে যে সরকার- কেন? একটা মাত্র কারণে যে, তারা জানে এই জাতীয় নেতা যদি বাইরে থাকে, তাহলে কোনো নির্বাচনে বিএনপির সঙ্গে পেরে উঠবে না, তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা কখনোই ১০টারও বেশি আসন পাবে না।”

‘জনগণের পকেট কাটেই সরকারের কাজ’

বিএনপি মহাসচিব বলেন, “বিদ্যুতের লোড শেডিং হচ্ছে, আর বিদ্যুতে দাম বাড়তেই আছে, সাধারণ মানু্ষ ভুক্তভোগী। আজকে এই সরকারের একটাই মাত্র কাজ- জনগণের পকেট কাটা।

“বাজারে অথবা মিটিংয়ের মধ্যে দেখেন হই হই করে ওঠে কী হলো… পকেট কাটছে। পকেটমারকে ধরে ফেলেন না। এখন তো সময় এসেছে আসল পকেটমারকে ধরার। সে প্রতিদিন আমাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে।”

ফখরুল বলেন, “চালের দাম বাড়াচ্ছে- পকেট কাটছে, তেলের দাম বাড়াচ্ছ- পকেট কাটছে, লবণের দাম বাড়ায়- পকেট কাটে, চিনির দাম বাড়ায়- পকেট কাটে, ডালের দাম বাড়ায়- পকেট কাটে, ডিমের দাম বাড়ায়- পকেট কাটে, এমন একটা জিনিস নাই- পকেট কাটে না।

“আপনাদের এই মোবাইলে টাকা ভরতে হবে না, চার্জ করতে হবে না, মোবাইল থেকে ৪০% অবলীলায় কেটে নিয়ে চলে যায়। এটাই বাস্তব চিত্র।”

‘১০ জনের কাছে বিদ্যুৎখাত জিম্মি’

মির্জা ফখরুল বলেন, “আমরা বিদ্যুতের টাকা দেই। আমি উত্তরায় ছিলাম, আপনারা জানেন। উত্তরা এলাকায় আগে বিদ্যুৎ কিনতে হবে, তারপর ব্যবহার করতে হবে…প্রিপেইড সিস্টেম। যেই ১০০০ টাকা ভরে বিদ্যুতের কার্ড ঢুকালাম, ওমনিতেই ৩০০ টাকা নাই। কোথায় গেল? ওই হাসিনা সরকারের ঘরে চলে গেছে।

“আজকে বিদ্যুৎ সেক্টরে ১০ জন মানুষকে চিহ্নিত করেছে সাংবাদিক ভাইয়েরা। এই ১০ জনের কাছে গোটা বিদ্যুৎখাত জিম্মি এবং বেশির ভাগ টাকা তারা বিদেশে পাচার করে পাঠিয়েছে। একবছরে আমাদেরকে ৭৮ হাজার কোটি টাকা ক্যাপাসিটি ট্যাক্স দিতে হয়।”

‘সিরাজুল আলম খানের অবদানকে অস্বীকার করা হচ্ছে’

বিএনপি মহাসচিব বলেন, “সিরাজুল আলম খান সাহেব একজন ঐতিহাসিক ক্ষণজন্মা সংগঠকপ্রিয় মানুষ, ইতিহাসে তার অবদানকে আপনারা (আওয়ামী লীগ) অস্বীকার করছেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, স্বাধীনতা সংগ্রামে লড়াই স্মরণে করেছিলেন, নিউক্লিয়াস তৈরি করেছিলেন। তাকে আপনারা শেষ সময়ে একটা মর্যাদা দিয়ে তার একটা শোক বাণী পর্যন্ত দেননি। কেন যে- আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

‘‘স্বাধীনতার পরে যখন তারা জনগণের সমস্ত অধিকারগুলো কেড়ে নিতে শুরু করল, জনগণের সমস্ত আশা-আকাঙ্ক্ষাগুলো ধ্বংস করতে শুরু করলো, চুরি আর দুর্নীতিতে সমস্ত দেশকে ভরে দিল-তখন এই মানুষটি আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজকে নিয়ে সমস্ত তরুণ এই আমাদের আবদুস সালাম সাহেবরা তারা রুখে দাঁড়িয়েছিলেন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে। ২০ হাজার তরুণ সেই সময়ে নিহত হয়েছিলেন।”

‘আপনারা মাঠে আসুন ক্ষমতা ছেড়ে’

মির্জা ফখরুল বলেন, “ওবায়দুল কাদের সাহেব গতকাল বলেছেন, ‘আসেন না নির্বাচনে, কার কত শক্তি দেখি’। আরে আপনারা আসুন না মাঠে, গদিটা ছেড়ে আসেন, ওই যে পুলিশ-টুলিশ, প্রশাসন ছেড়ে আসেন।

“আজকে সত্যিকার অর্থে একটা নির্বাচন হোক, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন- তারপর দেখেন কার কত শক্তি। জনগণের শক্তি যদি দেখতে হয়, তাহলে অবশ্যই একটা সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ নির্বাচন- একটা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে … এছাড়া কোনো বিকল্প নাই।”

সবাইকে ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “এখনও সময় আছে, মানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন। তা না হলে যতই চেষ্টা করেন, পালাবার পথও পাবেন না।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খায়রুল কবির খোকন, মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা, কাজী আবুল বাশার, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহানগর দক্ষিণের নবী উল্লাহ নবী, মোশাররফ হোসেন খোকন, তানভীর আহমেদ রবিন, মহানগর দক্ষিণ শ্রমিক দলের সুমন ভুঁইয়া, যুবদলের এনামুল হক এনাম।

এই সমাবেশ শেষে শুরু হওয়া পদযাত্রা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মোড়, টিকাটুলী, রাজধানী মার্কেট, স্বামীবাগ, দয়াগঞ্জ, ধোলাইখাল মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে এসে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে এই পদযাত্রায় অংশ নেয়।

একই সময়ে ঢাকা উত্তরের উদ্যোগে মহাখালী থেকে আরেকটি পদযাত্রা হয়, যা নাবিস্কো মোড়, সাত রাস্তার মোড়, এফডিসি সড়ক দিয়ে কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের কাছে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।