ঢাকার ৯টি আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী
বাকি ১১ আসনে বর্তমান সংসদ সদস্যরাই ঢাকার জন্য নৌকার মনোনয়ন ধরে রেখেছেন।
ঢাকার ২০টি আসনের মধ্যে ছয়টিতে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ; জোটের শরিকদের ছেড়ে দেওয়া তিনটি আসনেও প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দলটি।
রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ তালিকা থেকে দেখা যায়, ঢাকা-৫ আসনের বর্তমান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের হয়ে লড়াই করার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এ আসনে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না বেছে নেওয়া হয়েছে।
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমকে মনোনয়ন না দিয়ে সেখানে তার ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিমকে বেছে নিয়েছে দলটি।
ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন দলের মনোনয়ন পাননি। তার পরিবর্তে এ আসনে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
ঢাকা-১১ আসনে এ কে এম রহমতুল্লাহর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ওয়াকিল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাকা-১৩ আসনে সাদেক খানের বদলে এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঢাকা-১৪ আসনের বর্তমান সংসদ সদস্য আগাখান মিন্টুর বদলে যুব লীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলকে বেছে নিয়েছে আওয়ামী লীগ।
গত নির্বাচনে ঢাকা-৪, ঢাকা-৬ এবং ঢাকা-৮ আসন জোট শরীকদের ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এবার এসব আসনেও দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীনরা।
ঢাকা-৪ আসনে বর্তমানে সংসদ সদস্য জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম মনোনয়ন পেয়েছেন দলের।
ঢাকা-৬ এ জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এছাড়া ঢাকা-৮ আসনে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননের জায়গায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে নৌকা প্রতীকে লড়ার জন্য বেছে নেওয়া হয়েছে।
মনোনয়ন পেয়েছেন আগের যারা
আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ঢাকা-১ আসনে সালমান ফজলুর রহমান, ঢাকা-২ আসনে মো. কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনে নসরুল হামিদ, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান, ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা-১৯ আসনে ডা. মো. এনামুর রহমান এবং ঢাকা-২০ আসনে বেনজীর আহমেদ এবারও মনোনয়ন পেয়েছেন।
