২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ঈর্ষান্বিত হয়ে চরিত্রহননের চেষ্টা চলছে: সাদিক কায়েম

“আমাদের আইডিতে গিয়ে দেখবেন, গালাগালির লিমিট নাই। কারা করছে, খোঁজ নিলে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে পাবেন,“ বলেন ডাকসুর এ ভিপি প্রার্থী।

ঈর্ষান্বিত হয়ে চরিত্রহননের চেষ্টা চলছে: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘একটি অংশ’ ইর্ষান্বিত হয়ে ছাত্রশিবিরের চরিত্রহননের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ভিপি প্রার্থী সাদিক কায়েম।

ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এ প্রার্থী বলছেন, “আমাদের কাজ দেখে ইর্ষান্বিত হয়ে আমাদেরকে মোকাবেলা না করতে পেরে এখন আমাদের চরিত্রহননের চেষ্টা করছে। 

“আমাদের আইডিতে গিয়ে দেখবেন, গালাগালির কোনো লিমিট নাই। কারা কমেন্ট করছে, খোঁজ নিলে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে পাবেন।“

রোববার ডাকসু ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে আবু সাদিক কায়েম এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের জোটের নারী প্রার্থীদের সাইবার বুলিং করা হচ্ছে; আক্রমণ করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। তিন দিন হয়ে গেল, এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, কিন্তু আমরা তা নিয়ে শঙ্কিত।”

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে মন্তব্য করে তিনি বলেন, “এখানে বিভিন্ন রঙের শিক্ষক আছে। সেই রঙ দ্বারা যদি তারা প্রভাবিত হয় এবং তাদের ছাত্রসংগঠনকে সুবিধা দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবেন।

শনিবার সকালে  ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হয়।

তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট আবেদন করেন।

মূলত এ ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। 

সেখানে রিট আবেদনকে সাধুবাদ জানিয়ে ফরহাদ বলেন, “কয়েকটি দল সাদিক কায়েম ও আমাকে নিয়ে দীর্ঘদিন ধরে ছবি, ভিডিও এডিট করে প্রকাশ করেছে। এর পরিবর্তে তারা এখন কোর্টে গিয়েছেন, এটা ভালো।”

 ‘রিটকারীরা’ প্রতিদ্বন্দ্বিতা না করে সবাই মিলে ‘পুরনো এজেন্ডা’ নতুন করে সামনে আনছেন বলে মন্তব্য করেন এ জিএস প্রার্থী।

তিনি বলেন, “আমরা বারবার একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর প্রতিবাদ করেছি। তাদের শিক্ষার্থী বিচ্ছিন্নতার কারণে এবং নিজেদের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার মতো কোনো ইতিবাচক কাজ না পেয়ে সকাল-বিকাল-সন্ধ্যা ছাত্রশিবিরের সমালোচনা করছে।”