১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: নারী অধিকার নিশ্চিতে আনতালিয়ায় তরুণীদের বিক্ষোভ

জলবায়ু অর্থায়ন ও নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন বিভিন্ন দেশের নারী অধিকারকর্মীরা।

শামস শামীম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:31 PM

Updated : 17 Nov 2026, 12:31 PM

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারী অধিকার নিশ্চিতের লক্ষ্যে ঘোষিত বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের দাবিতে বিশ্ব জলবায়ু সম্মেলনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দেশের তরুণীরা।

স্থানীয় সময় সোমবার দুপুরে তুরস্কের আনতালিয়ায় জলবায়ু সম্মেলনের গ্রিন জোন ও ব্লু জোনের মধ্যবর্তী উন্মুক্ত স্থানে এ বিক্ষোভ ও সংহতি কর্মসূচি পালিত হয়।

এতে বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে আসা তরুণ নারী সংগঠক, নারী অধিকারকর্মী, আদিবাসী প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা অংশ নেন। তারা সমবেত কণ্ঠে নানা স্লোগান দেন এবং বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের দাবি জানান।

কর্মসূচিতে আন্দোলনকারীদের হাতে ‘ইমপ্লিমেন্ট দ্য বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ লেখা রঙিন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। ব্যানারের সামনে মাইক্রোফোন হাতে নিয়ে বিভিন্ন মহাদেশের তরুণীরা বক্তব্য দেন।

কর্মসূচিতে অংশ নিয়ে ভারতের আদিবাসী তরুণ অধিকারকর্মী বাবিথা পুসপালাথা সিষুপালান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্বজুড়ে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। অথচ জলবায়ু অর্থায়ন ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো অনেক পিছিয়ে।

তিনি বলেন, গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে নয় বছর মেয়াদি কর্মপরিকল্পনা গৃহীত হলেও এর বাস্তবায়ন কার্যক্রম এখনো শুরু হয়নি।

তৃণমূল পর্যায়ের নারীদের জন্য সরাসরি জলবায়ু তহবিল বরাদ্দ এবং নারী পরিবেশকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং প্রান্তিক নারীদের অধিকার নিশ্চিত করতে ২০২৬-২০৩৪ মেয়াদের বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে গৃহীত এই কর্মপরিকল্পনায় নারীর সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অর্থায়নে অংশগ্রহণ এবং নীতিনির্ধারণে নেতৃত্ব প্রতিষ্ঠাসহ ২৭টি কার্যক্রম ও ৯৮টি করণীয় নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন যুক্তরাষ্ট্রের ‘গ্র্যান্ডমাদার’ খ্যাত প্রবীণ আদিবাসী নারী, পরিবেশ ও মানবাধিকারকর্মী মেরি অ্যান লায়ন্স।

তিনি মাইক্রোফোন হাতে নিতেই তরুণীরা উল্লাস প্রকাশ করে স্লোগান দেন। উলুধ্বনি দিয়ে তাকে অভিনন্দন জানান তারা।

মেরি অ্যান লায়ন্স বলেন, “বেলেম ঘোষণা কোনো রাষ্ট্রই মানছে না। নারীদের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না। তারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে।

~আমাদের অধিকার, সম্মানের বিষয়ে তারা উদাসীন। বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”

তানজানিয়ার মওয়ানাহামিসি সালিমু সিঙ্গানোও কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন। তিনি আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও নারী অধিকার নীতিবিষয়ক সংগঠক।

তিনি বলেন, বিশ্বব্যাপী নারীর অধিকার, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের স্বীকৃতি দিতে হবে।

সিঙ্গানো বলেন, “রাষ্ট্রগুলো নারী অধিকার বাস্তবায়নের জন্য বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান ঘোষণা করলেও কেউ সেটা মানছে না। রাষ্ট্রগুলোকে সেটা মানানোর দাবিতে আজ আমি কর্মসূচিতে যুক্ত হয়েছি।”

বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের দাবিতে তরুণীদের এই কর্মসূচিতে এভাবেই সংহতি জানান বিভিন্ন দেশের নারী অধিকারকর্মীরা।