২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

আগামী ২৪ সেপ্টেম্বর তার মুক্তির বর্তমান মেয়াদ শেষ হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 05:24 PM

Updated : 26 Jan 2024, 05:24 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।

আগের দুই শর্তে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (কারা অনুবিভাগ) মো. জিয়াউল হক সোমবার সাংবাদিকদের জানান, আগের মতই ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং নির্বাহী আদেশে মুক্ত থাকাকালীন দেশের বাইরে না যাওয়ার শর্তে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর তার মুক্তির বর্তমান মেয়াদ শেষ হবে, তারপর নতুন মেয়াদ শুরু হবে। এ নিয়ে অষ্টমবারের মত নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াল সরকার।

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার অনুমতি দিতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু তাতে সায় না দিয়ে আগের দুই শর্তেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে গত ১০ সেপ্টেম্বর মতামত দেয় আইন মন্ত্রণালয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে তার পরিবারের আবেদনের ভিত্তিতে মহামারীর সময় নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর একই প্রক্রিয়ায় তার মুক্তির মেয়াদ দফায় দফায় বাড়ানো হচ্ছে। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)