‘ডিসইনফরমেশন’ মোকাবেলাই চ্যালেঞ্জ: আরাফাত
“সত্য কথাগুলোকে আমরা নিয়ে আসব বিশ্বের সামনে," বলেন তিনি।
বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে যে ডিসইনফরমেশন বা কুতথ্য ছড়ানো হয়, তা মোকাবেলা করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
তিনি বলেছেন, “আগামীতে দুই ধরনের চ্যালেঞ্জ, একটা হচ্ছে বৈদেশিক যে ষড়যন্ত্রগুলি হচ্ছে- যদিও তারা বাংলাদেশের কিছু আভ্যন্তরীণভাবে কিছু লোকজন আছে, তাদের সাথে যুক্ত হয়ে করে।
“এখন ফরেন মিনিস্ট্রিতে গেছেন আমাদের ফরমার তথ্যমন্ত্রী, ওনার সাথে কথা হচ্ছিল। আমাদের কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। যে ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে- এটাকে আমাদের মোকাবিলা করতে হবে। এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ।"
শুক্রবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জাল কি খুব সহজেই ছিন্ন করা যাবে? এমন প্রশ্নের উত্তরে আরাফাত বলেন, “সেটাকে কিন্তু আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়, একটা গুজবের ক্যাম্পেইন হয় এবং বিভিন্ন লবিস্ট নিয়োগ করে, সেটাকে আমরা একটা একটা করে খুঁজে বের করব- এর রুটগুলো কোথায় এবং একটা একটা করে এক্সপোজ করব। এবং সত্য কথাগুলোকে আমরা নিয়ে আসব বিশ্বের সামনে।"
