ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসদের ৯ দাবি
মানববন্ধন শেষে ৯ দাবিতে সংগঠনটির ছয় সদস্যের প্রতিনিধি দল মেয়র বরাবর স্মারকলিপি দেয়।
ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, জলাবদ্ধতা দূর ও দখল-দূষণ বন্ধের দাবিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
বুধবার সকাল সাড়ে ১১টায় গুলশান ২ নম্বরে নগর ভবনের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মানববন্ধন শেষে ৯ দাবিতে সংগঠনটির ছয় সদস্যের প্রতিনিধি দল মেয়র বরাবর স্মারকলিপি দেয়।
তাদের দাবিগুলো হলো-
>> ডেঙ্গু মহামারি পরিস্থিতিকে জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি ঘোষণা কর।
>>বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা করতে হবে, ঢাকার প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী ডেঙ্গু পরীক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করতে হবে।
>>হাসপাতালগুলোতে আপদকালীন পর্যাপ্ত ডাক্তার-নার্সের ব্যবস্থা করা, সিট ও স্যালাইন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
>>এডিশ মশা ও ডেঙ্গু প্রতিরোধে কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ, স্থানীয় সরকারসহ সকল অংশীজনের সমন্বয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে।
>>জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সকল খাল, পুকুর ও জলাশয় উদ্ধার এবং ওয়াসার সকল পাম্প সচল করতে হবে।
>> অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করা, দখল-দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া, খাস জমি উদ্ধার করতে হবে।
>> মশা নিধন কার্যক্রম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার বিষয়গুলো তদন্ত করে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনতে হবে। দুই সিটি কর্পোরেশনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
>> উপযুক্ত কীটনাশক ও এর চাহিদা নির্ধারণ, ক্রয়, কার্যকরিতা ও সহনশীলতা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করে বিশেষজ্ঞ কারিগরি কমিটি করতে হবে, তাদের কার্যক্রম নিয়মিত হতে হবে এবং সভাগুলোর কার্যবিবরণী প্রকাশ করতে হবে। অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কীটনাশক ক্রয় প্রক্রিয়ায় জাতীয় ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে।
>>মশা নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির সমন্বয়ে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বাসদ ঢাকা মহানগর শাখার সদস্যসচিব জুলফিকার আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, নগর নেতা আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, বাসদ বাড্ডা থানা শাখার নেতা আব্দুল মান্নন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা নগরের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।
