২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবিক জীবন

অধিপ রহমান সৌম্য

Published : 27 Jun 2020, 10:35 PM

Updated : 01 Jul 2022, 05:35 PM

১.

আজকাল অনলাইনে যার সাথেই কথা হয়, শুনি দৈনন্দিন রুটিন ওলট-পালট হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রে, জার্মানিতে, বাংলাদেশে, অস্ট্রেলিয়ায়। সর্বত্র এ-ই একটি সাধারণ ব্যাপার। ভোররাতে ঘুমোতে যাবার প্রবণতা। দিন এভাবে ওভাবে কিছু ঘোর কিছু বাস্তবতায় কাটে। স্নায়ুচাপ, অনিশ্চয়তা, বিষণ্ণতাবোধ এবং বোধশূন্যতা প্রত্যেকের মাঝেই- যাদের সাথে কথা হয়। ফেইসবুকে বিভিন্ন পেশা-বয়সীদের টুকরোলেখা পড়ি। একই ঘটনা। এরা ছাত্র, কিশোর, বয়স্ক, অবসরপ্রাপ্ত। সব বয়সের মানুষ। দেশে থাকাকালে এই রুটিনের গল্প মাঝেমধ্যে টিএসসি এলাকায় আড্ডা দিতে গিয়ে শুনতাম। স্নাতক স্নাতকোত্তর পাশ করা যুবক-যুবতী, হয়তো বিষণ্ণতার পর্যায় পার করছে, অথবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায়। বয়সের সীমারেখা পেরিয়ে আমরা এখন সকলেই এখন আছি এই লিম্বোর মাঝে। করোনা সাম্য স্থাপন করে নাই এটা বলা যাবে না।

২.

তিন-চার মাস আগের স্মৃতিও মনে হয় অন্য কোনো এক জীবনকালে ঘটে যাওয়া ঘটনা। এতো পরিবর্তন, এতো ব্যাপক অবস্থান্তর। আমি রয়েছি ব্রিস্টলে, কিছুদিন আগে যে শহরটি কোলস্টনের মূর্তি মাটিতে নামিয়ে এনে বিশ্বসংবাদে এসেছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েই কিছু খবর আসতে থাকে, উহানে কি একরকম ভাইরাস শত শত মানুষ মারছে। নভেল করোনাভাইরাস না কি যেন – নাম সঠিকভাবে জানবার মতো আগ্রহ তখনো ছিলো না কারোই। রাস্তাঘাটে পরিচিত-অপরিচিত কারো সাথে কথাবার্তা হলে কাশি দিলেই একটা রসিকতা হয়ে যেত এটা করোনাভাইরাসের কাশি কি-না। মার্চের প্রথম সপ্তাহে ইতালির খবর আসতে থাকে। অবিশ্বাস হয় না শুনে – কিন্তু অবিশ্বাস্য মনে হতে থাকে। অপরিচিত দেশ থেকে গুজবের মতো ভেসে আসা খবর বলে মনে হয়। তবে আমরা নিয়মিত কাজ করছি, কফিশপে গিয়ে বসছি সময় পেলে। কোনো অস্বাভাবিকতা নাই। মার্চের ১০ তারিখ দশদিনের জন্য একটি ট্রেনিংয়ে যেতে হয় অক্সফোর্ড। সেখানে থাকতে থাকতেই ইমেইল পাই – ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র কোভিড-১৯ আক্রান্ত। কোনো সমস্যা নেই, এটি ছড়াবে না, সকলেই সতর্ক আছে ইত্যাদি। অক্সফোর্ড এলাকায় কফিশপে যাই, প্রচুর বয়স্ক মানুষের আনাগোনা। রোদ পোহায়, কফি খায়। ব্রিটিশ বয়স্করা বেশিরভাগ খুবই ডেয়ারিং স্বভাবের- কাছ থেকে পর্যবেক্ষণ না করলে বোঝা যাবে না। এখানে তাই মৃত্যুহারও বয়স্কদের মধ্যে অনেক অনেক বেশি। মার্চের ১৪ বা ১৫ তারিখ হঠাৎ ইউকে লকডাউন হবে এমন একটি খবর ব্রেকিং হতে থাকে, খবর আসে প্রতিদিনই ১৫ জন ২০ জন মৃত্যুবরণ করছে। ১৬ তারিখ ট্রেনিং বাতিল হয়ে গেল।

তবু আমরা কেউই সেভাবে চিন্তিত না- চলে যাবে কিংবা ইমিউনিটি হয়ে যাবে হয়তো। খুবই ধোঁয়াশা। অক্সফোর্ড ছেড়ে আসার দিন একটি দোকানে ঢুকে বুঝতে পারি পরিস্থিতি ঠিক স্বাভাবিক নয়। হ্যান্ড স্যানিটাইজার বলে একটি জিনিস সবাইকে ব্যবহার করতে বলা হচ্ছে। কী জিনিস জানতাম – রসায়নের ছাত্র হিসেবে এ বিষয়গুলো আমাদের জন্য নতুন নয়। কিন্তু জেনারেল স্টোরে থাকবে? গিয়ে দেখি একরকম স্প্রে পাওয়া যাচ্ছে – একটির বেশি নেওয়া যাবে না এমন নোটিশ। চোখে পড়লো – চালের কোনো প্যাকেট খালি নাই। কী ব্যাপার? ব্রিস্টলে ফিরে আসি সেই রাতেই। স্টেশনে থমথমে ভাব। মানুষজন প্রায় নেই। রাস্তাঘাট প্রায় ফাঁকা। কিছু একটা ঠিক নেই এমন একটি আবহাওয়া। দুদিন পর বিভাগ থেকে ইমেইল আসে, "ওয়ার্কিং ফ্রম হোম", বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ওয়ার্কিং ফ্রম হোম? কেমন শৌখিন শোনাচ্ছে। করোনাভাইরাসের সময় অনেক সম্ভাবনাই দেখিয়ে দিচ্ছে? চারদিনের উইকডে? কম কাজ, কম ছুটে চলা?

৩. 

আমার মতো দিনলিপি হয়তো আপনারও। হয়তো পুরোপুরি এক নয়, কিন্তু একটি সাধারণ বৃত্তেই আমরা প্রত্যেকেই কমবেশি ঘুরছি। জীবন কখনো এতো বিমানবিক হয়ে উঠেনি। এটি যুদ্ধের থেকে ভিন্ন। ঘুমের সময়চক্রটি নষ্ট হয়ে গেলো প্রথমেই। বেশিরভাগ রাতে ঘুমোচ্ছি দুটোয়, বা তিনটেয়। অনেকের কথা জানি, সারারাত ঘুমহীন কাটিয়ে ভোর পাঁচটা-ছটায় ঘুমোতে যাচ্ছে। ভোরে উঠে মনে হতে থাকা আজকে কোনো স্বাভাবিক খবর, অন্তত খুব খারাপ কোনো খবর নয়… ঘোরের মধ্যে উঠতে ইচ্ছে করে না যেনো ঘুমোতে পারলেই ভালো হতো। জেগে উঠে দেখতে পেতাম সব ঠিক হয়ে গেছে, আবারও ভ্রমণ করতে পারবো, সমুদ্র বা ডক এলাকার কাছে যাবার পরিকল্পনা করে রেখেছিলাম… কিন্তু, ইউকে সময় সাড়ে নটায় ভুতূড়ে বুলেটিন দিয়ে শুরু হয় দিন। এই ভুতূড়ে বুলেটিন আমাকে ১৯৮৪ উপন্যাসের কথা মনে করিয়ে দেয়। বা কোনো সায়েন্স ফিকশনের বিমানবিক নিয়ন্ত্রণ কক্ষ।

তিনবেলা খাবারের রুটিনেও উল্লেখযোগ্য পরিবর্তন , হয়তো প্রাতরাশ হচ্ছে এগারোটায়; ব্রাঞ্চ হয়ে উঠেছে নিয়ম। কাজ এগোয় সময় না মেনে, মাঝেমাঝে ভার্চুয়াল মিটিং। কারোর কাছেই কাজ এখন মুখ্য বিষয় নয়, সময়টি দাঁত চেপে পার করার। ছাত্র শিক্ষক কেউই বিষণ্ণতা অনিশ্চয়তা থেকে মুক্ত নয়; কথাবার্তা-কাজে তার প্রভাব স্পষ্ট। বাইরে রান্না করতে হয় নিজেরটা নিজেকেই- তবে সেই রুটিনও পালটে গিয়েছে। হঠাৎ করেই কমলা, ডিম আর গরুর মাংস – এই তিনটে খাদ্যপণ্য গ্রহণ বেড়ে গেলো। আমার জানালা থেকে একটি গাছ আর কিছুটা আকাশ চোখে পড়তো। আমার রুমটি ছিল রাস্তার ঠিক পাশে। তাই রাস্তাও দেখতে পেতাম। জনশূন্য, মাঝেমধ্যে একটি দুটি গাড়ি চলে যায়, আর প্রচুর অ্যাম্বুলেন্স। সকাল নেই মাঝরাত নেই। এই এলাকাটি কম আক্রান্ত, তবু। আতংক হয় না নিজের জন্য, শুধু মনে হয় কবে শেষ হবে। এতো অসহ্য নিরবতা সহ্য করা সম্ভব হতো না, যদি টেলিভিশন চ্যানেলগুলো অনলাইনে না দেখতে পেতাম। বাঁচিয়ে রেখেছে এগুলো আমাকে। মাঝেমধ্যে শুনি না মনোযোগ দিয়ে, শুধু ছেড়ে রাখি। কয়েকটি টক-শো নিয়মিত শুনি। ক্ষুব্ধ হই, আশান্বিত হই, আশঙ্কিত হই দেশে সরকারি বেসরকারি অপরাধীদের কর্মকাণ্ডের ফিরিস্তি দেখে দেখে। নিজেই বিশ্লেষণ করি খবর। এর মধ্যে চলতে থাকে কাজ, লেখালেখি। অনলাইন নিউজ পোর্টালগুলো ঘাঁটি। বিদেশি কিছু চ্যানেল শুনি মাঝেমধ্যে। জানা হয়ে যায় কোথায় কেমন পরিস্থিতি। করোনা ছাড়া আর কোনো খবর নেই।

আর পরিবারের সাথে যোগাযোগমাধ্যমে কথা চলে। এভাবে কেউ কখনো আটকে পড়েনি। একই শহরে কি হাজার মাইল দূর থেকে – পার্থক্য মুছে গিয়েছে। গ্রুপ ভিডিওকল। শংকা, চিন্তা, পরামর্শ, গুজব, হালকা কথা। কোনোকিছুই স্বাভাবিক নয়। মাঝেমধ্যে ইচ্ছে করে না কথা বলার। দুইদিন তিনদিন। তারপর আবার ভিডিওকল। সায়েন্স ফিকশনের হলোগ্রাফিক স্ক্রিনের মধ্যে দিয়ে পর্যাপ্ত কথন। বিষণ্ণতার একটি লক্ষণ। ফ্যাটিগ। জীবন চালাতে ইচ্ছে করে না এমন। মাঝেমাঝে চুপচাপ আকাশের দিকে কিংবা বাইরে শূন্য তাকিয়ে থাকা। মাথায় কোনো বোধ কাজ করে না। জীবনানন্দের ওই কবিতাটি কোন অনুভূতির জায়গা থেকে লেখা সম্ভব হয়েছিল, বুঝতে পারি। কোনোকিছুই মনোযোগ সরিয়ে রাখতে পারে না করোনা থেকে, সংগীত-বই-অলস ঘুমোনো…। রাত হলেও ঘুমের সময় দখল করে নেয় অনলাইন নিউজপোর্টাল, চ্যানেল। যেন স্বয়ংক্রিয়ভাবে শরীর-মন টিউন হয়ে আছে শুধু খবরের দিকে। নেশাতাড়িতের মতো। মৃত্যুসংবাদ পরিচিতজনদের সার্কেল থেকে। এই সব কিছু নিয়ে একটু ক্ষোভ, একটু অনিরাপত্তাবোধ, ভালো না লাগা, বোধশূন্যতা, সামান্য আশাবাদ- অনুভূতির বিচিত্র এক ককটেল। এভাবে ঘুমোতে যাওয়া দুটো-তিনটে'র দিকে। 

এবং রিপিট। 

সপ্তাহে এক কি দুইবার বাজারে যাওয়া। বেরোলে বুঝতে পারি পরিস্থিতি কতোখানি জটিল। আক্ষরিকার্থে জনশূন্য রাস্তাঘাট। এই সুযোগে এমন সব পাখির ডাক শুনতে পাই যা আগে কখনো শুনিনি। দেখিওনি। বাজার করার সময় সেলসে কিংবা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে স্যানিটাইজার হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখের দৃষ্টি দেখে বুঝতে পারি অনিশ্চিত সকলেই। বিষণ্ণ। কথা বলতে চায়। কিন্তু বলা নিষেধ। কথার সাথে বেরোনো, চোখে না দেখতে পাওয়া ড্রপলেট বিষ হয়ে উঠতে পারে। স্মিত একটু হাসি সকলের মুখে – অর্থবহ কিন্তু অসহায়ের হাসি। সেলসে বয়স্ক কেউ দাঁড়িয়ে থাকলে তাকে একটু এড়িয়ে চলে অনেকেই, আমিও মাঝেমধ্যে এড়িয়ে গিয়েছি। খুব কষ্টকর অনুভূতি। সেও বুঝে, আমিও বুঝি। সন্তপর্নে শপিং সাড়ি – শুধু দরকারি জিনিসগুলো দ্রুত নিয়ে নিই। হাতের টিস্যু দিয়ে ধরি বাস্কেট, জিনিসপত্র একবারের বেশি কোনোটাই ধরি না। বাসায় নিয়ে এসে চলে পরিষ্কার করার ক্লান্তিকর কাজ। কোনো মাফ নেই। করতেই হবে। ঝুঁকি নেওয়া যাবে না। একটু নিরীক্ষা করি রান্না নিয়ে- কিছুটা আনন্দ পাওয়া যায়। 

ব্যস। মোটাদাগে জুন পর্যন্ত আশি নব্বই দিনের জীবনযাপন।

৪.

কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ে গবেষণাকাজ শুরু করেছি। পঁচিশ শতাংশ ক্যাপাসিটিতে বিভাগ চালু হয়েছে। প্রতিটি ল্যাবরেটরিতে দুইজনের বেশি একই সময়ে উপস্থিত থাকতে পারবে না। সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। প্রত্যেকেই অবশ্য সচেতনভাবেই সেটি করছে, কাউকে জোর করতে হচ্ছে না। ঢোকা-বের হওয়ার কিছু নির্দিষ্ট পথ রয়েছে, কিছু নির্দিষ্ট করিডোরের বাইরে অন্য কোথাও যাওয়া চলাচল করা সম্ভব নয়। আমি যে গ্রুপে কাজ করি, সেই গ্রুপের মানুষ ছাড়া পারতপক্ষে করিডোরে আর কারো সাথে দেখা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। একটি পরাবাস্তব পরিস্থিতি। তবু কাজে ফেরত যেতে পারা অনেকটা ভুল মানুষকে বিনাপরাধে কয়েদবন্দি করে রেখে মাস তিনেক পর ছেড়ে দেয়ার মতো অনুভূতি দেয়। আমি একটু ভাগ্যবান, ৪৩ হাজার  মৃত্যুর পরও এখন মোটামুটি নিরাপদেই বেরোতে পারি। দেশে অনেকের কথা জানি, পরিবারের অনেকে– যারা গত তিনমাস ঢাকার রাস্তাঘাট দেখেনি। আরো কতোদিন বিনাপরাধে কয়েদবন্দি তারা থাকবে এটার জবাব কে দিবে সেটাও কেউ জানে না। 

৫.  

আমি শুধু দিন গুনছি। কোনো একদিন দেশে ফিরে যে এলাকাগুলো কখনো যাইনি সে এলাকাগুলোয় ট্রেনে চড়ে যাবো। আবার সকল পরিবার মিলে এক হবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবো। শোনা যাচ্ছে, গাছ কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে, দেখার আগ্রহ রয়েছে এই জনসেবার নমুনার।

ইউকে'তে কিছু শহরে ভ্রমণের তালিকা আছে একটি। আর কাছাকাছি কিছু এলাকায়। 

আবার কফিশপ খুলে দিবে। ভালো না লাগলে গিয়ে ওখানে বসে থাকবো।

বলছি নিরাপদে চলছি, কিন্তু কতোদিন? শেষপর্যন্ত বেঁচে থাকবো তো? ভালো থাকার মানসিকতা থাকবে তো? ভালো থাকতে চাওয়াও কিন্তু ইচ্ছার বিষয়। সেই ইচ্ছাশক্তি থাকবে তো? আমার মতো কি আপনারও এমন উপলব্ধি হয়, প্রশ্ন আসে?