Published : 13 Jun 2026, 04:15 PM
ভারতের সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, যিনি বর্তমানে বাহিনীর উপ-প্রধান হিসেবে কর্মরত আছেন।
নিউজ এইটটিন লিখেছে, পূর্বসূরি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৩০ জুন অবসরগ্রহণের পর একইদিন দায়িত্ব নেবেন ধীরাজ। তিনি ২০২৮ সালের সালের ৩১ অগাস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধীরাজ শেঠ ১৯৮৬ সালের ডিসেম্বরে সাঁজোয়া বাহিনীতে কমিশন লাভ করেন। প্রায় চার দশকের সামরিক কর্মজীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন, যা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা এবং দীর্ঘমেয়াদি রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
The Government has appointed Lieutenant General Dhiraj Seth, PVSM, UYSM, AVSM, presently serving as the Vice Chief of the Army Staff, as the next Chief of the Army Staff in the substantive rank of General with effect from the afternoon of 30 June 2026.
An alumnus of the National… pic.twitter.com/RExcCKjWJh
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) June 13, 2026
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বিভিন্ন ধরনের অপারেশনাল পরিবেশে সব স্তরে নেতৃত্ব দিয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক কোর ‘সুদর্শন চক্র কোর’-ও নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি দিল্লি অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকাণ্ড এবং আনুষ্ঠানিকতা দেখভাল করেন।
আর্মি কমান্ডার পদে পদোন্নতি পাওয়ার পর ধীরাজ সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডের নেতৃত্ব দেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদে ছিলেন, যার মাধ্যমে অপারেশনাল পরিকল্পনা, বাহিনী ব্যবস্থাপনা এবং সক্ষমতা উন্নয়নে অবদান রাখেন।
ভারতের সেনাবাহিনীর আধুনিকায়নে অবদানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত ধীরাজ শেঠ সেনাসদরে কৌশলগত পরিকল্পনা এবং সক্ষমতা উন্নয়ন বিভাগে খুব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দক্ষ সামরিক পেশাদার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বিভিন্ন সামরিক প্রশিক্ষণ কোর্সে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ভারতের বিদায়ী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ২০২৪ সালের ৩০ জুন দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ২০২৪ সালে সামরিক পুরস্কার পরম বিশিষ্ট সেবা পদক এবং ২০২১ সালে অতি বিশিষ্ট সেবা পদক লাভ করেন।