Published : 13 Jun 2026, 11:27 PM
ইয়্যুথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কোচ হিসেবে জেরার্ড জোন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ইংলিশ কোচের প্রথম দায়িত্ব আসছে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা।
ডেভেলপমেন্ট কমিটির শনিবারের সভা শেষে কমিটির সদস্য সামিদ কাশেম জানান, তিন বছরের জন্য জোন্সকে নিয়োগ দেওয়া হয়েছে। বয়সভিত্তিক দলগুলোর পাশাপাশি বাফুফের একাডেমি নিয়েও কাজ করবেন ৩৬ বছর বয়সী এই কোচ।
“তাকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো কারণ বিবেচনায় নিয়েছি। তার উয়েফা ‘এ’ লাইসেন্স এবং গ্রাসরুট লেভেলে কাজের অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন দেশেও উনি কাজ করেছেন। উনার সাক্ষাৎকারও আমরা নিয়েছি প্রায় দেড় ঘণ্টা ধরে।”
“আমরা আসলে এমন কোনো কোচ চাইনি, যিনি অনূর্ধ্ব-১৭, ১৮ কিংবা ২০ দল নিয়ে ক্যাম্প করে দেশে ফিরে যাবেন। ইয়্যুথ ডেভেলপমেন্ট করতে চাইলে তো বছরজুড়ে কাজ করতে হবে। তিনি স্কাউটিং করবেন, কোচদের সাথে কাজ করবেন, একাডেমির সাথেও কাজ করবেন। বিভিন্ন উপায়ে সহযোগিতা করবেন, এমন একজনকেই চেয়েছি আমরা। জোন্সের সেই যোগ্যতা আছে।”
আগামী জুলাইয়ের শুরুতে বাংলাদেশে আসবেন জোন্স। এরপরই শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ের প্রস্তুতি। আগামী অগাস্টে শুরু হতে যাওয়া বাছাইয়ে বাংলাদেশের সাথে ‘বি’ গ্রুপে আছে সিরিয়া, ভারত ও এই গ্রুপের স্বাগতিক উজবেকিস্তান।
আর্সেনাল সকার স্কুলে ডিরেক্টর অব কোচিং হিসেবে কাজ শুরু করা জোন্সের আছে ১৮ বছর বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ সবশেষ ছিলেন কম্বোডিয়ার ক্লাব ভিসাখার প্রধান কোচ।
এর আগে হেড অব ইয়ুথ এবং একাডেমির প্রধান হিসেবে গোলাম রব্বানী ছোটনকে নিয়োগ দিয়েছিল বাফুফে। ছোটনের হাত ধরে বাংলাদেশ ২০২২ সালে প্রথম উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল।
ছোটনের পর এই পদে মার্ক কক্সকে নিয়োগ দেয় বাফুফে। কক্সের কোচিংয়ে গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে বাংলাদেশ। তবে, এই ব্রিটিশ কোচের সনদ ও অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। পরে তার সাথে আর চুক্তি বাড়ায়নি বাফুফে। সেই শূন্যতা জোন্সকে দিয়ে পুরণ করছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।