২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বেড়া দেওয়ার পাকিস্তানি উদ্যোগে বাধা তালেবানের

আফগানিস্তান ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর নিরাপত্তা বেড়া দেওয়ার উদ্যোগে বাধা দিয়েছে তালেবান সৈন্যরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 12:44 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

বুধবার আফগানিস্তানের কর্মকর্তারা একথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কাবুলের আপত্তি সত্ত্বেও পাকিস্তান দুই দেশের মধ্যবর্তী ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের অধিকাংশ অংশে বেড়া তুলে দিয়েছে। ব্রিটিশ আমলে নির্ধারণ করা এই সীমান্তের কারণে ওই অঞ্চলের বহু পরিবার ও গোত্র দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। এই সীমান্ত নিয়ে কাবুলের তীব্র আপত্তি আছে।  

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেছেন, রোববার নানগারহার প্রদেশের পাশে পাকিস্তানি সামরিক বাহিনী একটি ‘অবৈধ’ সীমান্ত বেড়া তোলার সময় তালেবান বাহিনী তাদের থামিয়ে দেয়। 

ঘটনাটিকে তেমন গুরুত্ব না দিয়ে সবকিছু স্বাভাবিক আছে বলে দাবি করেছেন তিনি। আর এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি পাকিস্তান সেনাবাহিনী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা গেছে, তালেবান সৈন্যরা কাঁটাতার জব্দ করেছে আর তাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিকটবর্তী নিরাপত্তা পোস্টে থাকা পাকিস্তানি সৈন্যদের সতর্ক করে সীমান্তে ফের বেড়া দেওয়ার চেষ্টা না করতে বলছে।

রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে ভিডিওটির সত্যাসত্য যাচাই করতে পারেনি। তালেবান মুখপাত্র বিলাল কারিমি জানিয়েছেন, তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন।

নাম না প্রকাশ করার শর্তে দুই তালেবান কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সীমান্তের এ ঘটনা নিয়ে তালেবান ও পাকিস্তানি বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।

তারা জানান, এই ঘটনার পর বুধবার আরও উত্তরে পাকিস্তানি এলাকা থেকে আফগানিস্তানের কানুর প্রদেশের সীমান্ত এলাকায় মর্টার সেল নিক্ষেপ করা হয়।

তবে দুটি ঘটনা পরস্পর সম্পর্কিত কিনা তা পরিষ্কার হয়নি, জানিয়েছে রয়টার্স। ওই কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের সামরিক হেলিকপ্টারগুলোকে ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের সময়ও সীমান্তে এই বেড়া দেওয়ার বিষয়টি কাবুল ও ইসলামাবাদের তিক্ত সম্পর্কের পেছনে প্রধান কারণ ছিল। এখন ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা সত্ত্বেও সীমান্তের এ বিষয়টি তালেবানের জন্যও বিতর্কিত বিষয় হিসেবেই রয়ে গেছে, এ ঘটনায় এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

চার বছর আগ পাকিস্তান কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করার আগে অরাজক এই পর্বতময় সীমান্তটি ঐতিহাসিকভাবেই অবারিত ছিল, দুই পাশের স্থানীয় লোকজন সীমান্ত দিয়ে অবাধে চলাচল করত। এরমধ্যে পাকিস্তান সীমান্তের ৯০ শতাংশ অংশে বেড়া দেওয়া সম্পন্ন করেছে। 

আফগানিস্তানের মানবিক বিপর্যয় নিয়ে আলোচনার জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতিনিধিরা যে দিনটিতে ইসলামাবাদে মিলিত হয়েছিলেন সেই দিনটিতেই দুই দেশের সীমান্তে এ ঘটনাটি ঘটে।