২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীপাবলির পরদিন দিল্লির ‘চোখে জল, গলাও খুসখুসে’

আলোর উৎসব দীপাবলি শেষে সকালে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের ঘুম থেকে উঠে দেখতে হয়েছে ধূসর আকাশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 02:44 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

নিষেধাজ্ঞা সত্ত্বেও শহরজুড়ে বাসিন্দাদের বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বাজি পোড়ানোর ফলে ভারতের এই রাজধানীর দূষণের মাত্রা ভয়াবহ খারাপ অবস্থায় পৌঁছেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

গাড়ি ও কলকারখানার নিঃসৃত ধোয়া, ধুলা ও আবহাওয়ার প্যাটার্ন দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীতে পরিণত করেছে।

শীতে পার্শ্ববর্তী রাজ্যগুলোর কৃষকরা ফসলের নাড়া পোড়ানো শুরু করলে শহরটির বাতাস বিষাক্ত হয়ে ওঠে। দীপাবলির উৎসবও প্রায় একই সময়ে হওয়ায় শহরজুড়ে পোড়ানো আতশবাজিতে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে।

সরকারের বায়ুমান পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির কয়েকটি এলাকায় বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার (পিএম) ঘনত্ব পাওয়া গেছে ৯৯৯। যে যন্ত্রে পিএম এর ঘনত্ব মাপা হয় তাতে ৯৯৯-র বেশি ওঠেই না। যে কারণে, দিল্লির ওইসব এলাকার পিএম এর ঘনত্ব ৯৯৯ এর চেয়ে বেশি হতে পারে বলেই অনুমান অনেকের।

দিল্লির আরও কয়েকটি এলাকায় পিএম এর ঘনত্ব মিলেছে ৫০০-র কাছাকাছি বা এর চেয়ে বেশি। রোববার সন্ধ্যার পর পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে বলে ধারণা বায়ুমান পর্যবেক্ষক সংস্থার। তবে এরপরও রাজধানীর বায়ুদূষণের মাত্রা ‘গুরুতর’ থেকে ‘খুব খারাপ’-এর মধ্যে ওঠানামা করবে।

পিএম যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে তাকে ‘মোটামুটি গ্রহণযোগ্য’ ধরা হয়।

আগের কয়েক বছরের অভিজ্ঞতা বিবেচনায় দূষণের মাত্রা কমিয়ে রাখতে সরকার এবার দীপাবলি উৎসবের সময় বাজি কেনাবেচা ও পোড়ানোয় নিষেধাজ্ঞা দিলেও দিল্লির বাসিন্দারা তা কানেই তোলেননি।

দূষণের কারণে শুক্রবার সকালে দিল্লি ঘন কুয়াশা ও ধোঁয়ার চাদরে ঢাকা পড়ে; শহরটির বাসিন্দাদের অনেকেই চোখ থেকে পানি পড়ছে ও গলা খুসখুস করছে বলে অভিযোগ করেছেন।

অনেকে দিল্লির ধোঁয়াশার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

আনন্দবাজার লিখেছে, “কিছুক্ষণ অন্তর জলে ভিজে যাচ্ছে চোখ। মাঝে মধ্যে গলা খুশখুশ করে দমক আসছে কাশির। দেশের রাজধানীতে দীপাবলির পরের সকালটা এ ভাবেই কাটাচ্ছেন দিল্লিবাসী। এই দশা মোটেই উৎসব শেষের শোক নয়।

“দিল্লির ‘শরীর খারাপ’-এর কারণ আরও গুরুতর এবং অতি পরিচিত- দূষণ। বৃহস্পতিবার, দীপাবলির রাত পর্যন্ত রাজধানীর বাতাসে দূষণের মাত্রা ছিল ‘সিভিয়ার’ বা গুরুতর স্তরের। দীপাবলির পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল থেকে তা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। যার ফলে গত বেশ কয়েক বছরের মতো এ বারও দীপাবলির পরের দিন রাজধানী ঢেকেছে দূষণ-কুয়াশায়।“