২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এল স্বর্ণমুদ্রা, ব্যাংকে সোনা রেখে মিলবে সুদ

ভারতে সোনা আমদানি ও রাজস্ব ঘাটতি কমাতে স্বর্ণমুদ্রা চালুসহ তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 07:24 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

'গোল্ড কয়েন বুলিয়ান স্কিম' নামের এ প্রকল্পের মধ্য দিয়ে ভারতের ৬৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চালু হল স্বর্ণমুদ্রা। বৃহস্পতিবার উদ্বোধন হওয়া অন্য দুই প্রকল্প হল ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’ ও ‘সভরেইন গোল্ড বন্ড স্কিম’।

মোদী সরকারের চালু করা এই স্বর্ণমুদ্রার এক পিঠে রয়েছে অশোক চক্র; অন্য পিঠে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি। প্রাথমিকভাবে ছাড়া হচ্ছে পাঁচ ও দশ গ্রামের সোনার কয়েন।

আনন্দবাজার জানিয়েছে, সোনা ব্যাংকে রেখে বাড়তি আয়ের যে প্রকল্পের উদ্বাধন হয়েছে তার লক্ষ্য ভারতের ঘরে ঘরে আলমারিতে জমানো, ব্যাংকের লকার বা মন্দিরে বিগ্রহের গায়ে থাকা বিপুল পরিমাণ সোনা ব্যাংক ব্যবস্থায় নিয়ে আসা।

ভারত সরকার আশা করছে, এই প্রকল্পের মাধ্যমে ঘরে জমানো অন্তত ২০ হাজার টন সোনা ব্যাংক ব্যবস্থায় আনা যাবে।এতে সোনা আমদানি কমবে; কমবে রাজস্ব ঘাটতিও।

প্রকল্পে সর্বাধিক ১৫ বছর পর্যন্ত সোনা জমা নেবে ব্যাংক। বিনিময়ে বছরে সোয়া দুই বা আড়াই শতাংশ হারে সুদ পাবেন আমানতকারী।

বাজার থেকে সোনা কেনার হিড়িক কমাতে চালু করা হয়েছে স্বর্ণ-বন্ড প্রকল্প। ‘সভরেইন গোল্ড বন্ড স্কিম’ নামের এই প্রকল্পে দেওয়া হবে পৌনে তিন শতাংশ সুদ।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোনা আমদানির জন্য ২০১৩ সালে ভারতের রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল রেকর্ড ১৯ হাজার কোটি ডলার। গত বছরে তা অনেকটা কমে তিন হাজার চারশ’ কোটি ডলার হয়।

সোনা জমা প্রকল্পে কী থাকছে

‘গোল্ড মনিটাইজেশন স্কিম’ বা ‘সোনার বিনিময়ে উপার্জন প্রকল্প’ এর আওতায় নিরাপত্তার জন্য ব্যাংকের লকারে সোনা রাখলে যে অর্থ গুণতে হতো তা আর লাগবে না। বরং মাসে মাসে অর্থও মিলবে।

আনন্দবাজারের আরেক প্রতিবেদনে বলা হয়, এ প্রকল্পে কোনো রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকে সোনা রাখলে মাসে মাসে মোটা অংকের সুদের পাশাপাশি মেয়াদ শেষে জমা রাখা সোনা ফেরত পাওয়া যাবে। সঙ্গে মিলবে মোটা অংকের অর্থও। যার পরিমাণ নির্ধারিত হবে মেয়াদ শেষের সময়ের দামের ভিত্তিতে।

আর প্রকল্পের আওতায় টাকা না চাইলে মেয়াদ শেষে ওই টাকায় ওই সময় যত সোনা কেনা যায় ব্যাংক তার আমানতকারীকে সেই পরিমাণ সোনাও দেবে। তবে মেয়াদ শেষে আমানতকারী টাকা নেবেন, নাকি বাড়তি সোনা- তা নথিভুক্ত করার সময়েই জানাতে হবে।

প্রকল্পে সোনা জমা রাখতে আমানতকারীকে প্রথমত কমপক্ষে ৩০ গ্রাম ‘পাকা সোনা’ রাখতে হবে। তা সোনার পাত হতে পারে, স্বর্ণমুদ্রা হতে পারে; সোনার গয়নাও হতে পারে। তবে সেই গয়নায় কোনো রত্ন বা মণি-মাণিক্য থাকা যাবে না।

দ্বিতীয়ত, প্রকল্পটি হবে তিন রকম মেয়াদের। এক থেকে তিন বছর পর্যন্ত জমা রাখতে চাইলে তা হবে স্বল্প মেয়াদের। মাঝারি মেয়াদে রাখা যাবে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত। আর দীর্ঘ মেয়াদে রাখা যাবে ১২ থেকে ১৫ বছর পর্যন্ত। চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে জমা রাখা সোনা তুলে নেওয়া যাবে। তবে সেজন্য ব্যাংক কিছু অর্থ কাটবে।

তৃতীয়ত, দুই বা তার বেশি আমানতকারী একইসঙ্গে একই অ্যাকাউন্টে তাদের সোনা জমা রাখতে পারবেন। এর মাধ্যমে কোনো লোকের স্ত্রী, কন্যা, পুত্রবধূ চাইলে একই অ্যাকাউন্টে তাদের সোনা জমা রাখতে পারবেন। তাতে সুদের পরিমাণ আরও বেশি হবে।