২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বউকে নিয়ে মেট্রোতে ঘুরবেন রিকশাচালক আইজুল, কথা পাকা

“এ রকম মেট্রোরেল আমরা দেখেছি বিদেশে, নিজের দেশে এই রকম কিছু দেখে স্থির থাকতে পারছি না,” বলেন উচ্ছ্বসিত একজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 07:15 PM

Updated : 27 Dec 2022, 07:15 PM

‘কাল মোবাইলে বউয়ের সাথে কথা কচ্ছিলাম, হ্যারে কইলাম মেট্রোরেল চলা শুরু হলে তোমাকে নিয়ে চড়ব।”

ঢাকায় আগারগাঁওয়ে পাশের সড়ক থেকে মেট্রোলাইনের দিকে তাকিয়ে নিজের ইচ্ছার কথা বলছিলেন রিকশাচালক আইজুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মেট্রোরেলের উদ্বোধন করবেন। পরদিনই অপেক্ষার অবসান ঘটবে আইজুলের মত অসংখ্য ঢাকাবাসীর, যারা দেশের প্রথম মেট্রেরেলে চড়ার আগেই আনন্দে বিভোর।  

উদ্বোধনী আয়োজন জানাতে মঙ্গলবার আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় পুরো এলাকার কর্মতৎপরতাতেও ছিল উৎসবের আমেজ।

জয়পুরহাটের ছেলে আইজুল তার রিকশায় বসেই বললেন, “ভাই, কী যে ভালো লাইগছে, বইলে বুঝাতে পাইরছি না।

“মনে অচ্ছে- আমি নিজে একটা নতুন ঘর বানাইতে পারলে যে আনন্দ লাগত, তেমনই আনন্দ লাইগছে। থাকি শ্যামলীতে।খ্যাপ নিয়ে এদিকে আইলেই মনে অয় বিদেশ আইছি।”

আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলনে মন্ত্রী ও সংবাদকর্মীদের স্বাগত জানাচ্ছিলেন মেট্রোরেল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের কর্মীরা। পাশের আইডিবি ভবন থেকে এ দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি ‘এটুআই’ কর্মসূচির কর্মকর্তা শাহ তারেক। খুশির মুহূর্তের ভাগিদার হতে নিচে নেমে আসেন তিনি।

তারেক বললেন, “আসলে এই রকম প্রকল্প বা মেট্রোরেল আমরা দেখেছি বিদেশে। নিজের দেশে নিজের শহরে এই রকম কিছু দেখে স্থির থাকতে পারছি না। মনে মনে ভাবছি, আমার দেশও সত্যিই উন্নত দেশের দিকে হাঁটা শুরু করেছে।”

মেট্রোরেলে চলাচল করতে গিয়ে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন শাহ তারেক। তার কথায়, “এটি এমন একটি স্থাপনা- এখানে উঠলেই আমাদের মানুষের উন্নত মানসিকতার শিহরণ জাগবে, যেখানে-সেখানে থুথু বা পানির পিক ফেলবে না। আমি বিশ্বাস করি, কোনো অশিক্ষিত লোকও মেট্রোরেলে স্টেশনে উঠে নিজে থেকেই শৃঙ্খলা মানবে।”

২০৩০ সালের মধ্যে ঢাকায় পাতালরেলসহ ছয়টি মেট্রোলাইন চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এসব অবকাঠামো ব্যবহার করতে গিয়ে মানুষের ইতিবাচক মানসিকতা তৈরি হবে বলে মনে করেন এটুআই কর্মকর্তা শাহ তারেক।

আইডিবি ভবনের একটি কম্পিউটার দোকানে কর্মরত নাঈমের বাসা মিরপুরে। যাতায়াতে গত পাঁচবছরের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরে তিনি বললেন, “এখন আমার ঈদের আনন্দ হচ্ছে!”