Published : 19 Nov 2025, 01:11 AM
নির্বাচন নিয়ে সাংবাদিকতা ও সংবাদ প্রতিবেদনের মানোন্নয়নের লক্ষ্যে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং রিপোর্টার্স’ ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে।
মঙ্গলবার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে আরএফইডির সভাপতি কাজী জেবেল এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এমওইউতে স্বাক্ষর করেন।
নির্বাচন কমিশনার আবুল ফাজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের ইলেক্টোরাল অ্যাসিসট্যান্সের প্রধান প্রযুক্তিগত উপদেষ্টা আন্দ্রেস কাস্তিয়ো এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আরএফইডির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
আরএফইডি সভাপতি বলেন, “এ উদ্যোগের মাধ্যমে আরএফইডি সদস্য ও নির্বাচন কমিশন কাভার করা অন্যান্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এই অংশীদারত্বের অংশ হিসেবে পাঁচ ব্যাচে মোট ১২০ জন সাংবাদিককে নিয়ে সক্ষমতা বৃদ্ধির সেশন আয়োজন করা হবে।”
নির্বাচন প্রতিবেদনের নীতি, আইনি কাঠামো, নির্বাচন কাভারেজের চ্যালেঞ্জ, নির্বাচনী আচরণবিধি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত থাকবে।
এই উদ্যোগটি ‘অ্যাডভান্সিং মিডিয়া ক্যাপাসিটি অ্যান্ড ইনফরমেশন ইন্টেগ্রিটি’ প্রকল্পের আওতায় এমআরডিআই–ইউএনডিপি অংশীদারত্বের একটি অংশ।