২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

রোদে চুল শুকালে যা হয়

কিছু পন্থা মানলে সূর্যের তাপেও চুল শুকানো হতে পারে উপকারী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ব্যস্ততার কারণে হেয়ার ড্রায়ার দিয়েই হয়ত ভেজা চুল শুকানো হয়। আর ঘরে থাকলে গোসল শেষে ভেজা চুল ছেড়ে রাখা হয়।

তবে এক সময় বাড়ির ছাদ, বারান্দা বা বাসার সামনের খোলা জায়গায় হালকা রোদে মা-খালাদের চুল শুকানোর স্মৃতি হয়ত অনেকেই মনে করতে পারবেন।

রোদে চুল শুকানো প্রাচীন ও সহজ পদ্ধতি। তবে প্রশ্ন জাগতে পারে, সূর্যের তাপ কি আসলেই চুলের জন্য উপকারী, নাকি এতে ক্ষতির শঙ্কাও আছে?

প্রাকৃতিক উপায় হিসেবে রোদে চুল শুকানো

উষ্ণ রোদে চুল শুকানো চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য বেশ কার্যকর হতে পারে।

‘জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টার’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি এই বিষয়ে বলেন, “এটি চুলকে অতিরিক্ত রসায়নিক বা হিট প্রোডাক্টের ক্ষতি থেকে রক্ষা করে। সাধারণত, হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার করলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা কমে যায়, যা চুল ভাঙার সমস্যা তৈরি করে।”

তবে রোদে শুকানো হলে চুল প্রাকৃতিকভাবে শুকায় এবং এতে যন্ত্রের তাপের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়।

ভিটামিন ডি এবং চুলের স্বাস্থ্য

সূর্যের আলো দেহে ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে। এই ভিটামিন চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাড়, ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন ডি অপরিহার্য।

ফারহানা রুমির কথায়, “হালকা রোদে চুল শুকানো উপকারী। তবে অতিরিক্ত রোদে থাকা চুলের জন্য ক্ষতিকর হয়।”

চুলের আর্দ্রতা ও প্রাকৃতিক উজ্জ্বলতা

রোদে শুকানো হলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বেশি ধরে থাকে। ‘হেয়ার ড্রায়ার’ ব্যবহার করলে চুলের প্রাকৃতিক তেল কমে যায়, যা চুলকে শুষ্ক ও ভঙ্গুর করে তোলে।

রোদে শুকানোর সময় চুল ‘ফ্রিজি’ বা জট কম হয় এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে থাকে।

এই বিশেষজ্ঞ আরও বলেন, “চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখার জন্য ব্যস্ত সময়ের মধ্যেও সপ্তাহে কয়েকবার রোদে চুল শুকানো একটি ভালো অভ্যাস হতে পারে।”

সতর্কতার দিক

তবে রোদে চুল শুকানোর সময় কিছু বিষয়ের প্রতি সতর্ক থাকা জরুরি।

“সরাসরি প্রচণ্ড রোদে দীর্ঘ সময় রেখে দিলে চুলের শুষ্কতা বৃদ্ধি করতে পারে। চুলের রং ও প্রোটিন ক্ষয় করতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালের দুপুরের রোদ চুলের জন্য ক্ষতিকর”- বলেন ফারহানা রুমি।

তাই সঠিক সময় ও সতর্কতা মেনে চুল শুকানো উচিত।

সঠিক সময়: সকাল ৮ থেকে ১০টা বা বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে হালকা রোদে চুল শুকানো সবচেয়ে নিরাপদ।

প্রতিরক্ষামূলক ব্যবস্থা: চুলের মধ্যে হালকা কন্ডিশনার বা তেল ব্যবহার করলে চুলের প্রোটিন ও আর্দ্রতা সংরক্ষণ করা যায়।

পরিমাণ: দীর্ঘ সময় ধরে রোদে থাকা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ২০ থেকে ৩০ মিনিটের বেশি না রাখাই ভালো।

চুলের ধরন অনুযায়ী উপযোগিতা

প্রতিটি চুলের ধরন আলাদা, তাই রোদে চুল শুকানোর উপকারিতা চুলের ধরনের ওপর নির্ভর করে।

তৈলাক্ত চুল: হালকা রোদে শুকানো চুলকে অতিরিক্ত তৈলাক্ততা থেকে মুক্ত রাখতে সাহায্য করে।

শুষ্ক চুল: এর জন্য খুব বেশি রোদ ক্ষতিকর হতে পারে, তাই হালকা রোদ বা ছায়ায় শুকানো ভালো।

কোঁকড়া চুল: এই ক্ষেত্রে ক্ষেত্রে রোদে শুকানো চুলকে প্রাকৃতিক আকার বজায় রাখতে সাহায্য করে, তবে সময়সীমা রাখতে হবে।

পরিবেশ বান্ধব ও অর্থ সাশ্রয়ী

রোদে চুল শুকানো শুধু স্বাস্থ্যকর নয়, এটি পরিবেশবান্ধব এবং খরচও কমাতে পারে।

বৈদ্যুতিক হেয়ার ড্রায়ার বা হিট স্টাইলিং পণ্যের চাহিদা কমে গেলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হয়। এছাড়াও, চুলে অতিরিক্ত তাপের ব্যবহার কম হওয়াতে চুলের ক্ষয়ও কম হয়। ফলে দীর্ঘমেয়াদে চুলের যত্নের খরচও কমে।

তবে অতিরিক্ত রোদ বা চুলে কোনো রক্ষাকবচ ব্যবহার না করে সূর্যের মুখোমুখি হলে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন

চুল শুকাবেন কীভাবে- বাতাস নাকি যন্ত্রে?

সঠিক ‘হেয়ার ড্রায়ার’ ব্যবহার করছেন কি?

বাতাসে চুল শুকানোর সঠিক উপায়