Published : 26 May 2026, 12:50 PM
ঈদের সারা দিন ব্যস্ততা আর নানান আয়োজনের ভিড়ে ত্বকের যত্ন নেওয়ার সুযোগই থাকে না। তবে দিনের শুরুতে পরিচর্যার কৌশলে ত্বক দীর্ঘ সময় সতেজ, আরামদায়ক ও উজ্জ্বল রাখা যায়।
বিশেষ করে গরমে ত্বকে অতিরিক্ত ঘাম, তৈলাক্তভাব ও ক্লান্তি দ্রুত ফুটে ওঠে। তাই ভারী প্রসাধনের বদলে হালকা ও স্বস্তিদায়ক যত্নই সবচেয়ে ভালো সমাধান।
বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপ-বিশারদ শারমিন কচি পরামর্শ দেন, “ঈদের সকালে পরিচর্যার মূল উদ্দেশ্য হওয়া উচিত ত্বক ঠান্ডা ও প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখা। কারণ ভারী প্রসাধন গরমে ত্বককে আরও অস্বস্তিকর করে তুলতে পারে।”
ঠান্ডা পানি দিয়ে দিনের শুরু
সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে উপকার মিলবে। এতে ত্বকের ফোলাভাব কিছুটা কমে আসবে এবং ত্বকও সতেজ লাগবে।
বরফ মেশানো পানিতে নরম কাপড় ভিজিয়েও মুখে কিছুক্ষণ চেপে রাখা যায়। ফলে গরমে ত্বকের অস্বস্তি অনেকটাই কমতে পারে।
কচির মতে, “খুব গরম পানি দিয়ে মুখ ধোয়া ঠিক নয়। এতে ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়ে।”
গোলাপজল দিতে পারে আরাম
ত্বক দ্রুত সতেজ করতে গোলাপজল পছন্দ হতেই পারে। ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা গোলাপজল তুলায় নিয়ে মুখে লাগালে আরাম পাওয়া যায়। এটি ত্বকে হালকা শীতল অনুভূতি আনে এবং ক্লান্তভাব কমাতেও সাহায্য করে।
ছোট স্প্রে বোতলে গোলাপজল রেখে, দিনে কয়েকবার মুখে ব্যবহার করাও কার্যকর হবে। এতে ত্বক শুকনো লাগবে না এবং বারবার মুখ ধোয়ার প্রয়োজনও কমবে।
শসা ও অ্যালোভেরার জুটি
গরমের দিনে শসা ত্বকের জন্য খুবই আরামদায়ক উপাদান। পাতলা করে কাটা ঠান্ডা শসা চোখের ওপর বা মুখে কিছুক্ষণ রাখলে ত্বক ঠান্ডা অনুভব করে। আবার শসা বেটে হালকা করে মুখে লাগিয়েও রাখা যায়।
তুলার পাতলা প্যাড শসার রসে ডুবিয়ে সারা রাত ফ্রিজে রেখে, সেটা আইপ্যাচের মতো চোখে লাগানো যায়। এতে চোখের ক্লান্তি কমে এবং ঠান্ডা অনুভূতিও মেলে।
অ্যালোভেরার জেলও ত্বককে শান্ত রাখতে সহায়ক। বিশেষ করে রোদে বের হওয়ার আগে অল্প পরিমাণ অ্যালোভেরা ব্যবহার করলে ত্বক কিছুটা ঠান্ডা অনুভব করে।
এই রূপচর্চাবিদের মতে, “প্রাকৃতিক অ্যালোভেরা ব্যবহার করলে, আগে পরিষ্কার করে নেওয়া ভালো।”
দই ও মধুর হালকা প্যাক
ত্বক খুব ক্লান্ত বা রুক্ষ লাগলে ঈদের সকালে ভারী ফেইসপ্যাকের বদলে দই ও সামান্য মধু মিশিয়ে কয়েক মিনিট মুখে লাগানো যেতে পারে। এতে ত্বক নরম লাগে এবং সতেজ ভাব আসে।
শারমিন কচি বলেন, “এই ধরনের হালকা প্রাকৃতিক উপাদান ত্বকে আরাম দেয়। তবে কোনো উপাদানে অ্যালার্জি থাকলে সেটি ব্যবহার না করাই ভালো।”
ভারী প্রসাধনের বদলে হালকা সাজ
ঈদের দিনে দীর্ঘ সময় বাইরে থাকতে হতে পারে। তাই খুব ভারী প্রসাধন গরমে গলে গিয়ে ত্বককে ক্লান্ত দেখাতে পারে। এর বদলে হালকা ময়েশ্চারাইজার, সূর্যরশ্মি প্রতিরোধক ক্রিম এবং স্বাভাবিক সাজ বেশি আরামদায়ক হবে।
কারণ, গরমে ত্বককে শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া দরকার। তাই অতিরিক্ত স্তরের প্রসাধনের বদলে হালকা ও আরামদায়ক পদ্ধতি ভালো।
ঠোঁট ও চোখের দিকেও নজর
শুধু মুখ নয়, ঠোঁট ও চোখের যত্নও জরুরি। ঠোঁটে হালকা প্রাকৃতিক বাম ব্যবহার করলে শুষ্কভাব কমে। আর চোখের নিচে ঠান্ডা চা-ব্যাগ বা শসা কিছুক্ষণ রাখলে ক্লান্তভাব কম দেখা যায়।
রাতে কম ঘুমানোর কারণে ঈদের সকালে চোখ ফোলা অনুভব হতে পারে। তাই চোখে ঠান্ডা সেঁকও বেশ আরাম দিতে পারে।
ভেতর থেকে সতেজ থাকার গুরুত্ব
ত্বক শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও যত্ন চায়। তাই ঈদের সকালে পর্যাপ্ত পানি পান গুরুত্বপূর্ণ। ডাবের পানি, লেবুপানি বা ঘরে তৈরি ঠান্ডা ফলের পানীয় শরীরকে স্বস্তি দিতে পারে।
আরও পড়ুন
ক্লান্ত ত্বক প্রাণবন্ত করার উপায়