০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ৮৯

“চোখ খুলে দেখি মেঝেতে মানুষ পড়ে আছে, আর চারদিকে শুধু রক্ত।”

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ৮৯
যুক্তরাজ্যের বেডফোর্ডে ট্রেন দুর্ঘটনায় ৮৯ জন আহত হয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 10:34 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক ট্রেন চালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার বিকাল সোয়া ৫টার এ ঘটনাকে ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ পরিবহন পুলিশ (বিটিপি)।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতরভাবে জখম হয়েছেন। এছাড়া বাকি ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন। 

যুক্তরাজ্যের রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের (আরএমটি) সাধারণ সম্পাদক এডি ডেম্পসি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত চালক তাদের ইউনিয়নের একজন সাবেক প্রতিনিধি ছিলেন।

ঘটনার বর্ণনায় ট্রেনের সামনের বগিতে থাকা যাত্রী পিটার ন্যাপ বলেন, “আমি যখন ধাক্কা সামলে উঠে দাঁড়ালাম, দেখলাম চারদিকের সিটগুলো উপড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পুরো বিষয়টা আমার কাছে একটা বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল। 

যুক্তরাজ্যের বেডফোর্ডের ট্রেন দুর্ঘটনাকে বড় ঘটনা হিসেবে দেখছে ব্রিটিশ পরিবহন পুলিশ। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের বেডফোর্ডের ট্রেন দুর্ঘটনাকে বড় ঘটনা হিসেবে দেখছে ব্রিটিশ পরিবহন পুলিশ

“মানুষের মুখ রক্তাক্ত ছিল, অনেকের পা ভেঙে যায় এবং চারদিকে শুধু ধোঁয়া উড়ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলাম পুলিশ যাত্রীদের তথ্য নিচ্ছে এবং অনেককে হাসপাতালে পাঠানো হচ্ছে। মুখ থেকে রক্ত ঝরতে দেখেছি।”

টেরেসা ইতাবোর নামের আরেকজন যাত্রী তার জন্মদিন উদযাপন করতে লন্ডনে যাচ্ছিলেন। 

তিনি বলেন, “বেডফোর্ড স্টেশন ছাড়ার পরপরই একটা বিকট শব্দ হলো। কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথা সামনের সিটে সজোরে আঘাত করে। 

“চোখ খুলে দেখি মেঝেতে মানুষ পড়ে আছে, আর চারদিকে শুধু রক্ত।”

এ দুর্ঘটনার পর শুক্রবার সন্ধ্যা থেকে সেন্ট প্যানক্রাসগামী এবং সেখান থেকে ছেড়ে যাওয়া সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ (ইএমআর) জানিয়েছে, শনিবার এই রুটে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে।